
ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেসব শিক্ষার্থীর জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নেই, তাঁদের দ্রুত টিকার আওতায় আনার জন্য এনআইডি পাওয়া নিশ্চিত করতে ক্যাম্পাসে শুরু হয়েছে এনআইডি নিবন্ধন কার্যক্রম।
এখনো যেসব শিক্ষার্থীরা করোনা টিকার আওতায় আসতে পারেনি তাঁদের সহযোগিতা করতেই নির্বাচন কমিশনের সহযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ উদ্যোগ নিয়েছে।
আজ বৃহস্পতিবার সকালে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) স্থাপিত অস্থায়ী কেন্দ্রে এ নিবন্ধন কার্যক্রম শুরু হয়। সকাল ১০টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টিএসসির অভ্যন্তরীণ ক্রীড়াকক্ষে এ অস্থায়ী ভোটার নিবন্ধন কেন্দ্র উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আখতারুজ্জামান।
টিএসসিতে ভোটার নিবন্ধন কেন্দ্র উদ্বোধনকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আখতারুজ্জামান বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বিশেষ ব্যবস্থাপনায় জাতীয় পরিচয়পত্র দেওয়ার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে। নির্বাচন কমিশনের কর্মকর্তাদের অনুরোধ করায় তাঁরা এর ব্যবস্থা করে দেন। সার্বিক সহযোগিতার জন্য নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানাই।’
এ কেন্দ্রে সপ্তাহব্যাপী (৭-১৪ অক্টোবর পর্যন্ত) প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত শিক্ষার্থীদের প্রয়োজনীয় তথ্য সংগ্রহের পাশাপাশি ছবি তোলা, ১০ আঙুলের ছাপ ও চোখের আইরিশের প্রতিচ্ছবি নেওয়া হবে।
বাংলাটিভি/ সাকিব



