বিএনপির সিরিজ বৈঠক হচ্ছে সিরিজ ষড়যন্ত্রের অংশ: কাদের

কেন্দ্রীয় কমিটি ও তৃণমূল নেতাদের সঙ্গে বিএনপির হাইকমান্ডের ধারাবাহিক বৈঠক নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির সিরিজ বৈঠক হচ্ছে সিরিজ ষড়যন্ত্রের অংশ।
সকালে বাংলাদেশ আওয়ামী লীগ চাঁপাইনবাবগঞ্জ পৌর শাখার ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ মন্তব্য করেন। ওবায়দুল কাদের বলেন, যারা নিজেদের নেত্রীর জন্য একটা কার্যকরী মিছিল করতে পারে না, তাদের মুখে আন্দোলনের কথা মানায় না। তিনি বলেন, বিএনপির হাতে দেশের গণতন্ত্র নিরাপদ নয়। তারা দেশের জন্য রাজনীতি করে না। তারা রাজনীতি করে লুটপাটের জন্য। শেখ হাসিনার লক্ষ্য এদেশের মানুষের ভাগ্য উন্নয়ন আর বিএনপির লক্ষ্য নিজেদের পকেটের উন্নয়ন উল্লেখ করে ওবায়দুল কাদের বিএনপি নির্বাচনকে ভয় পায়। কারণ, জনগণ তাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। তাই নির্বাচন নিয়ে তারা অপপ্রচার চালাচ্ছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক এক করে দেশে পদ্মাসেতু, মেট্রোরেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, কর্ণফুলী টানেল, একাধিক আন্ডারপাস, চার লেন ও আট লেন সড়ক, ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়ায় বিএনপির গায়ে জ্বালা ধরেছে। বিএনপি নেতাদের এসব উন্নয়ন সহ্য হয়না বলে তারা প্রলাপ বকছে।
জনগণের পাশে থেকে তাদের জন্য কাজ করতে দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, নিজের অবস্থান ভারী করার জন্য নিজের লোকদের কমিটিতে রাখা যাবে না।
তিনি দলের দুঃসময়ের ত্যাগী কর্মীদের কমিটিতে সুযোগ করে দিতে নেতৃবৃন্দের প্রতি আহবান জানিয়ে বলেন, যাদেরকে মানুষ পছন্দ করে তাদেরকেই নেতা বানাতে হবে, নিজের পছন্দের কাউকে নয়।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক স্পষ্ট করে বলেন, যেসব জনপ্রতিনিধি অপকর্ম, মাদক, সন্ত্রাসের সাথে জড়িত, তাদেরকে আগামীতে কোন পর্যায়ের নির্বাচনে দল থেকে মনোনয়ন দেয়া হবে না।
বাংলাটিভি/শহীদ



