Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
খেলাধুলাক্রিকেট

আইপিএলে আজ মাঠে নামবে সাকিবের কলকাতা

সংযুক্ত আরব আমিরাতে শুরু হয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) অবশিষ্ট ম্যাচ। আইপিএলের দ্বিতীয় পর্বের দ্বিতীয় দিনে আজ সোমবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যার পর মাঠে নামছে সাকিবের দল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)।

এ ম্যাচে কলকাতার প্রতিপক্ষ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু (আরসিবি)। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় আজ রাত ৮টায়।

এদিকে বেঙ্গালুরুর বিপক্ষে ম্যাচ দিয়েই শুরু হতে পারে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের আইপিএল মিশন। এবারের আইপিএলের প্রথম পর্বে ব্যাটে-বলে নিজের সামর্থ্যমতো পারফর্ম করতে পারেননি সাকিব। বিশ্বকাপের আগে নিজের সেরা ফর্মে ফিরতে চাইবেন এই অলরাউন্ডার।

এছাড়া টুর্নামেন্টর প্রথম পর্বে শেষ সাত ম্যাচের পাঁচটিতে হেরে প্লে-অফের রাস্তা বেশ কঠিন নাইটদের সামনে। আসন্ন সাত ম্যাচে ছয়টি জেতার জন্য মরিয়া তারা। তাদের তাগিদ আরও বাড়িয়ে তুললেন নাইটদের অন্যতম কর্ণধার শাহরুখ খান।

ম্যাচের আগে দলের উদ্দেশে শাহরুখের বার্তা, ‘মনে রেখ তোমরা প্রত্যেকে একজন নাইট। শেষ পর্যন্ত লড়াই করো। এই আকাশ তোমাদের।’ এদিকে, চলতি আসরে সময়টা একদমই ভালো কাটছে না সাকিব আল হাসানের। সুযোগ পেয়েছেন মোটে তিন ম্যাচে, উইকেট নিয়েছেন দুটি, আর রান করেছেন ৩৮।

অন্যদিকে, কোহলির আরসিবি এই ম্যাচে বিশেষ নীল জার্সি পরে খেলবে। কোভিড-যোদ্ধাদের সম্মান জানাতেই পিপিই কিটের রঙে এই জার্সি তৈরি করা হয়েছে। অধিনায়কত্ব ছাড়ার বিষয়টি পেছনে ফেলে কোহলি এখন এই বিশেষ জার্সি পরে মাঠে নামার জন্য ছটফট করছেন।

দুটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে তিনি লিখেছেন, ‘একটি বিশেষ কারণে সোমবার আমরা মাঠে নামব। কোভিড-যোদ্ধাদের সম্মান জানাব এই ম্যাচে।’ জানা গেছে, খেলা শেষে আরসিবির এই জার্সিগুলো নিলামে তোলা হবে। যে টাকা উঠবে তা টিকা দেওয়ার কাজে লাগানো হবে।

বাংলাটিভি/ সাকিব

সংশ্লিষ্ট খবর

Back to top button