
প্রায় দেড় বছর করোনা মহামারিতে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকার পর রোববার থেকে খুলেছে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো। খোলার প্রথম দিন প্রাথমিক বিদ্যালয়ের অনেক শিক্ষকই উপস্থিত হননি।
এদিকে যেসব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা বিনা অনুমতিতে শিক্ষাপ্রতিষ্ঠানে অনুপস্থিত ছিলেন এমন শিক্ষকদের তালিকা তৈরির নির্দেশ দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।
রোববার (১২ সেপ্টেম্বর) রাতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য চাওয়া হয়েছে। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মচারী ও তাদের পরিবারের সদস্যদের করোনা সংক্রমণের তথ্য প্রতিদিন বিকেল ৪টার মধ্যে ‘করোনা আপডেট’ সফটওয়্যারে এন্ট্রির নির্দেশ দেওয়া হয়েছে। বিভাগীয় উপপরিচালক ও জেলা শিক্ষা কর্মকর্তাদের তালিকা পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
নির্ধারিত ছকে শিক্ষকের নাম ও পদবি, বিদ্যালয়ের ঠিকানা, অনুপস্থিতির তারিখ, অনুপস্থিতির কারণ এবং কী ব্যবস্থা নেওয়া হয়েছে- আদেশে তাও উল্লেখ করতে বলা হয়েছে।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আদেশে আরো বলা হয়েছে, কোভিড-১৯ সংক্রান্ত কারিগরি পরামর্শক কমিটির শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে স্বাস্থ্যবিধিসংক্রান্ত সুপারিশ অনুসারে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মচারী ও তাদের পরিবারের সদস্যদের মধ্যে করোনা সংক্রমণসংক্রান্ত দৈনিক ভিত্তিতে মনিটরিং করা প্রয়োজন।
বাংলাটিভি/ সাকিব



