ইউরোপের নর্থ মেসিডোনিয়ায় হাসপাতালে অগ্নিকান্ডে ১০ জনের মৃত্যু

ইউরোপের দক্ষিণ-পূর্বাঞ্চলের বলকান রাষ্ট্র নর্থ মেসিডোনিয়ায় করোনার রোগীদের জন্য বিশেষায়িত একটি হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে।
বুধবার রাতে অগ্নিকাণ্ডের খবরে ঘটনাস্থলে দ্রুত ছুটে যায় ফায়ার সার্ভিস। মারা যাওয়া ব্যক্তিরা রোগী কি না সে বিষয়ে প্রাথমিক কোনো তথ্য জানা যায়নি।অগ্নিনির্বাপণ কর্মীরা এক ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হলেও তার আগেই ১০ জনের মৃত্যু হয়।
স্বাস্থ্যমন্ত্রী ভেনকো ফিলিপেক আগুনের ঘটনায় নিহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন। এ ঘটনায় দুঃখ প্রকাশ করে টুইটারে তিনি লিখেছেন, দিনটি আমাদের জন্য খুবই খারাপ। আহতদের দ্রুতই হাসপাতালে পাঠানো হয়েছে। চিকিৎসকরা তাদের জন্য প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। অগ্নিকাণ্ডের ঘটনাটিকে ‘মারাত্মক দুর্ঘটনা’ আখ্যা দিলেও তিনি এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি।
দুর্ঘটনার সময় ওই হাসপাতালে কতজন রোগীকে চিকিৎসা দেওয়া হচ্ছিল সে বিষয়টি এখনও পরিষ্কার নয়। করোনাভাইরাসে গুরুতর অসুস্থ রোগীদের চিকিৎসাসেবা দিতে গত বছর অস্থায়ীভাবে এই হাসপাতাল নির্মাণ করা হয়।
নর্থ মেসিডোনিয়ায় প্রায় ২০ লাখ মানুষের বসবাস। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ১ লাখ ৮০ হাজার। করোনা মহামারি শুরুর পর থেকে এখন পর্যন্ত সেখানে ৬ হাজার ১৫৩ জনের মৃত্যু হয়েছে।
বাংলাটিভি/শহীদ



