
ঘরের মাঠে নিউজিল্যান্ডের সাথে ৫ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ম্যাচে ৫২ রানে হেরেছে টাইগাররা। অথচ দুই ম্যাচ হাতে রেখেই সিরিজ জেতার দারুণ সুযোগ ছিল বাংলাদেশের সামনে। ১২০ বলে সহজ লক্ষ্য ১২৯ রান তাড়া করতে নেমে খেই হারায় স্বাগতিকরা।
প্রথমবারের মতো নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জয় করতে পারতো মাহমুদউল্লাহ বাহিনী। কিন্তু ব্যাটাররা আসা যাওয়ার মিছিলে যোগ দিলে স্বপ্ন অধরা থেকে যায় টিম বাংলাদেশের।
রোববার (৫ সেপ্টেম্বর) মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে তৃতীয় ম্যাচে এসে হারের মুখ দেখল টিম টাইগার্স। অন্যদিকে, আরাধ্য জয়ের দেখা পেল সফরকারী নিউজিল্যান্ড দল।
তবে ১২৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই দুই চার মেরে শুভ সূচনা করেছিলেন নাঈম শেখ। বাংলাদেশও আশা জাগানিয়া শুরু পেয়েছিল। কিন্তু দলীয় ২৩ রানের মাথায় প্রথম উইকেট হারায় টিম টাইগার্স।
দুই সুইপ, দুই চার। তবে লিটন দাস সন্তুষ্ট হতে পারলেন না তাতেও। কোল ম্যাকোঞ্চির বলে ফের বড় শট খেলতে গিয়েছিলেন, তবে গতি বুঝতে পারেননি। ধরা পড়লেন লিটন। সাজঘরে ফেরার আগে করেছেন ১১ বলে ১৫ রান।
লিটনের পর ফিরলেন মেহেদী হাসানও। এজাজ প্যাটেলের বল জোরের উপর খেলতে গিয়ে মিস করেছেন। শেষ পর্যন্ত আউট হলেন ঘুরিয়ে খেলতে গিয়ে। মিড-অনে দারুণ ক্যাচ নিয়েছেন হ্যানরি নিকোলস। শুরু থেকেই অস্বস্তিতে থাকা মেহেদী শেষ পর্যন্ত ফিরেছেন ৪ বলে মাত্র ১ রান করে।
লিটন-মেহেদীর পর কাটা পড়লেন সাকিবও। শুরু থেকেই শট খেলার চেষ্টা করার লক্ষ্য নিয়েই যেন নেমেছিলেন, তবে ব্যর্থ হয়েছেন তিনিও। প্যাটেলকে তুলে মারতে গিয়ে লং-অনে ক্যাচ দিয়ে ফিরেছেন তিনি কোনো রান না করেই। ২৫ রানেই ৩ উইকেট হারায় বাংলাদেশ।
আগের ম্যাচে দুর্দান্ত খেললেও আজ শুরু থেকেই ছন্দহীন ছিলেন নাঈম। অপরপ্রান্তে আসা-যাওয়ার মিছিলে দলের হাল ধরার দায়িত্ব ছিল তার কাঁধেই। কিন্তু তিনিও শেষপর্যন্ত নিরাশ করলেন। তবে আউট হওয়ার আগে বেশ কয়েকবার আউট হতে হতেও বেঁচে গেছেন। তবে শেষমেশ রাচিন রবীন্দ্রের বলে সাজঘরে ফিরলেন এই ওপেনার। ১৯ বলে ১৩ রান করে ফিরেছেন নাঈম।
আগের ম্যাচের নায়ক মাহমুদউল্লাহও এদিন দলের হাল ধরতে পারলেন না। ব্যক্তিগত শততম টি-টোয়েন্টি খেলতে নেমে ফিরলেন মাত্র ৩ রান করে। এজাজ প্যাটেলের বলে কাটা পড়েছেন তিনি। এছাড়া গোটা সিরিজজুড়েই যেন নিজেকে খুঁজে ফিরছেন আফিফ হোসেন। আগের ম্যাচের মতো রোববারও (৫ সেপ্টেম্বর) হতাশ করলেন তিনি।
প্রথম বলেই বিদায় নিলেন আফিফ। এজাজ প্যাটেলের বলটা উইকেটে পড়ে কীভাবে স্টাম্পে আঘাত হেনেছে টেরও পাননি এই বাঁহাতি। দলীয় মাত্র ৪৩ রানের মাথায় ৬ উইকেট হারিয়ে পুরোপুরি খাদের কিনারায় পড়ে টিম টাইগার্স। এরপর আর ঘুরে দাঁড়াতে পারেনি।



