
করোনা মহামারির শুরুতেই বন্ধ হয়ে যাওয়া দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান আগামী ১২ সেপ্টেম্বর থেকে একযোগে খোলার লক্ষে বিকেলে বসতে যাচ্ছে আন্তঃমন্ত্রণালয় সভা। আজ রোববার (৫ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে মন্ত্রিপরিষদ বিভাগে বসছে আন্তঃমন্ত্রণালয় সভা।
এ সভায় শিক্ষা, কৃষি, তথ্য ও সম্প্রচার, স্বাস্থ্যমন্ত্রী এবং ক্রীড়া, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ও শিক্ষা উপমন্ত্রীর অংশ নেওয়ার কথা আছে। এছাড়া ৬ জন সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা এতে যোগ দেবেন। বৈঠকের পর সব সিদ্ধান্ত গণমাধ্যমের কাছে তুলে ধরার কথা রয়েছে।
এদিকে শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন শুরুতেই সব শ্রেণির ক্লাস একসঙ্গে শুরু হবে না। ধাপে ধাপে ক্লাসগুলো শুরু হবে। সুনির্দিষ্ট তারিখে স্কুল-কলেজ খোলার পর প্রাথমিকভাবে সপ্তাহে একদিন করে ক্লাস নেওয়ার চিন্তা করা হচ্ছে।
জানা গেছে, আজকের এই বৈঠক থেকেই চূড়ান্ত সিদ্ধান্ত হবে কিভাবে চলবে শিক্ষাপ্রতিষ্ঠান। স্কুল-কলেজ খোলার পর কী কী করণীয় সেসব বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হবে। এছাড়া ১৫ অক্টোবরের পর থেকে বিশ্ববিদ্যালয় খোলার কথা বলা হলেও খোলার সিদ্ধান্ত আরও এগিয়ে আসতে পারে। এ বিষয়েও আজ সিদ্ধান্ত হতে পারে।
এছাড়াও শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া ও খোলার পর দীর্ঘদিনের ক্ষতি কাটিয়ে উঠতে পরিকল্পনা চূড়ান্তকরণ, স্বাস্থ্যবিধি নিশ্চিতকরণ ও অনুসরণ পদ্ধতি প্রণয়ন, এসএসসি-এইচএসসি সমমান পরীক্ষাগুলো দ্রুত সম্পন্ন করাসহ বেশকিছু বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন গণমাধ্যমকে বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান কবে থেকে খোলা হবে তা ৫ সেপ্টেম্বর (রোববার) বিকেল ৩টায় আন্তঃমন্ত্রণালয়ের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হবে। স্কুল-কলেজ খোলার পর কী কী করণীয় সেসব বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হবে।
তিনি বলেন, দীর্ঘদিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষার্থীরা অনেক পিছিয়ে গেছে, সেই ক্ষতি কীভাবে পুষিয়ে নেওয়া যায় সে বিষয়ে আমরা কিছু পরিকল্পনা তৈরি করেছি। বৈঠকে আমরা তা উপস্থাপন করব। এসব পরিকল্পনা আলোচনার মাধ্যমে চূড়ান্ত করা হবে। এরপর সব সিদ্ধান্ত গণমাধ্যমে জানিয়ে দেওয়া হবে। শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এ বৈঠকে সভাপতিত্ব করবেন বলেও জানান তিনি।
বাংলাটিভি/ সাকিব



