
কাগজে কলমে বাংলাদেশ ফুটবল দলের তুলনায় অনেকটাই এগিয়ে ফিলিস্তিনের ফুটবল জাতীয় দল। টানা পাঁচ দিনের অনুশীলনে দল গুছিয়ে নিয়েছে জামাল ভূইয়ারা।
রোববার বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় কিরগিজস্তানের রাজধানী বিশকেকের স্পার্তাক স্টেডিয়ামে মুখোমুখি হবে বাংলাদেশ-ফিলিস্তিন। এদিকে প্রতিপক্ষ শক্তিশালী হওয়ায় বাংলাদেশ ফুটবল জাতীয় দলের অধিনায়ক জামাল ভূইয়াও সমীহ করছেন তাদের। প্রত্যয়ী কণ্ঠে প্রতিশ্রুতিও দিলেন লড়াইয়ের।
স্বাগতিক কিরগিজস্তানের ঘাম ছুটিয়ে দিয়ে প্রথম ম্যাচ ১-০ গোলে হেরেছিল ফিলিস্তিন।
বঙ্গবন্ধু গোল্ড কাপে ফিলিস্তিনের বিপক্ষে দুইবার দেখা হয়েছিল বাংলাদেশের। দুইবারই সঙ্গী হয়েছিল হারের বিষাদ। ২০১৮ সালে কক্সবাজার জেলা স্টেডিয়ামে সেমি-ফাইনালে ২-০ গোলে হেরেছিল বাংলাদেশ। দুই বছর পর গ্রুপ পর্বের লড়াইয়েও জেমির দল হেরেছিল একই ব্যবধানে।
আগামী অক্টোবরের সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল সামনে রেখে কিরগিজস্তানে এই তিন জাতি আন্তর্জাতিক প্রতিযোগিতায় খেলছে বাংলাদেশ। তিন জাতি টুর্নামেন্ট হলেও দল চারটি। প্রতিযোগিতায় অপর দুটি দল হলো কিরগিজস্তান অনূর্ধ্ব-২৩ দল ও ফিলিস্তিন।
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) পাঠানো ভিডিও বার্তায় অধিনায়ক জামালও জানালেন সাফের প্রস্তুতিই মূখ্য তাদের কাছে। কিরগিজস্তান-ফিলিস্তিন ম্যাচ দেখার অভিজ্ঞতা কাজে লাগিয়ে লড়াকু ফুটবল খেলার প্রতিশ্রুতিও দিলেন এই মিডফিল্ডার।
বাংলাটিভি/ সাকিব



