
সুনির্দিষ্ট তারিখে স্কুল-কলেজ খোলার পর প্রাথমিকভাবে সপ্তাহে একদিন করে ক্লাস নেওয়ার চিন্তা করা হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।
শনিবার (৪ সেপ্টেম্বর) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ওয়ান স্টপ ইমারর্জেন্সি কেয়ার উদ্বোধন অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
সুনির্দিষ্ট তারিখ অনুযায়ী ক্লাস শুরু করা হবে জানিয়ে শিক্ষা উপমন্ত্রী বলেন প্রাথমিকভাবে সপ্তাহে একদিন করে ক্লাস নেওয়ার চিন্তা করা হচ্ছে । তবে তা পরিবর্তন হতে পারে, হয়তো বা আরও বেশিদিন ক্লাস নিতে পারবো।
এছাড়া এইচএসসি এবং এসএসসি পরীক্ষা স্বশরীরে নেওয়ার চেষ্টা অব্যাহত থাকবে। এটাই আপাতত লক্ষ্য। অ্যাসাইনমেন্ট কার্যক্রম স্বাভাবিকভাবেই চলবে। আগামীতে নতুন সিলেবাসের রূপরেখা দাঁড় করিয়েছি। প্রধানমন্ত্রীর সাথে আলাপ-আলোচনা করে নতুন সিলেবাসটা বাস্তবায়ন করা হবে বলেও জানান উপমন্ত্রী।
এসময় উপমন্ত্রী আরো বলেন, স্কুল-কলেজ বন্ধ থাকায় শিক্ষার্থীদের ওপর মানসিক চাপের সৃষ্টি হয়েছে। শিক্ষাখাতে বেশ ক্ষতি হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় অনলাইনে, অফলাইনে ও টেলিভিশনে শিক্ষা কার্যক্রম চালু রাখার চেষ্টা করেছি। প্রাথমিক, নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও উচ্চ শিক্ষাসহ সব পর্যায়ে শিক্ষা কার্যক্রম চালু রাখার চেষ্টা করা হয়েছে। কিন্তু এটা যথেষ্ট নয়।
তিনি আরও বলেন, এই মুহূর্তে প্রাথমিকভাবে আমাদের চিন্তা হচ্ছে, করোনার সংক্রমণ হার নিয়ন্ত্রণে রাখা। সংক্রমণ হার এখন নিয়ন্ত্রণের মধ্যে আছে। স্বাস্থ্য খাতের ওপর তেমন চাপ পড়ছে না।
বাংলাটিভি/ সাকিব



