বিশ্বে করোনায় আক্রান্ত-মৃত্যু বেড়েছে

করোনার বিষে নীল পুরো বিশ্ব। প্রতিনিয়ত করোনার নতুন নতুন ভ্যারিয়েন্টের কাছে বিশ্বের ক্ষমতাধর রাষ্ট্রগুলোও অসহায় হয়ে পড়েছে। এদিকে পৃথিবীজুড়ে টিকা কার্যক্রম চললেও থামছে না সংক্রমণের গতি। বরং উল্টো বিশ্বের বেশ কয়েকটি দেশে আবারও বাড়ছে করোনা সংক্রমণ।
বিশ্বে করোনার আক্রান্ত ও মৃত্যুর পরিসংখ্যান রাখা ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, বাংলাদেশ সময় শনিবার (৪ সেপ্টেম্বর) সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সংক্রমণ কমলেও বেড়েছে মৃতের সংখ্যা। এ সময় মারা গেছেন আরও ১০ হাজার ৮০৬ জন এবং আক্রান্ত হয়েছেন ৬ লাখ ৮৬ হাজার ৩৮২ জন। এর আগের দিন বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) মারা গেছেন আর ১০ হাজার ৬৩৩ জন এবং আক্রান্ত হয়েছেন ৬ লাখ ৭৭ হাজার ১৫০ জন।
এখন পর্যন্ত সারা বিশ্বে করোনায় মোট মৃত্যু হয়েছে ৪৫ লাখ ৬৭ হাজার ২৪৯ জন। এছাড়া আক্রান্ত হয়েছেন ২২ কোটি ৬ লাখ ৩৭ হাজার ২৮২ জন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৯ কোটি ৭১ লাখ ৩২ হাজার ৮০০ জন।
করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে বিশ্বের ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে। দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন ৪ কোটি ৭ লাখ ৩ হাজার ৬৭৪ জন। মৃত্যু হয়েছে ৬ লাখ ৬৪ হাজার ৯৩৫ জনের।
এদিকে আক্রান্তে দ্বিতীয় ও মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত মোট সংক্রমিত হয়েছেন ৩ কোটি ২৯ লাখ ৪৪ হাজার ৬৯১ জন এবং এখন পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ৪ লাখ ৪০ হাজার ২৫৬ জনের।
আক্রান্তে তৃতীয় এবং মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে রয়েছে ব্রাজিল। এছাড়া আক্রান্তের দিক থেকে চতুর্থ স্থানে রয়েছে রাশিয়া। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৬৯ লাখ ৭৫ হাজার ১৭৪ জন। মারা গেছেন ১ লাখ ৮৫ হাজার ৬১১ জন। এ তালিকায় পঞ্চম স্থানে রয়েছে যুক্তরাজ্য।
বাংলাটিভি/ সাকিব



