
চার বছর পর পর বিশ্বকাপ আয়োজনের প্রথা ভেঙে এখন থেকে দুই বছর পর পর বিশ্বকাপ আয়োজনের কথা ভাবছে ফিফা। সংস্থাটির এমন সিদ্ধান্তে ফুটবল বিশ্বে চলছে আলোচনা-সমালোচনা। তবে ফিফার পক্ষে মত দিয়েছেন বাংলাদেশ সহ নেপাল, মালদ্বীপ, শ্রীলঙ্কা- দক্ষিণ এশিয়া এবং আফ্রিকা মহাদেশের দল গুলো। তারা দুই বছর পর পর বিশ্বকাপের পক্ষে তাদের অবস্থান জানিয়েছে।
ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার সভাপতিদের সাক্ষরিত চিঠিতে বিশ্বকাপের বিরতি কমিয়ে দুই বছরে আনার পক্ষে অবস্থান নেওয়ার কথা জানিয়েছে দলগুলো। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাউদ্দিনের সঙ্গে চিঠিতে সাক্ষর করেছেন ফুটবল অ্যাসোসিয়েশন অব মালদ্বীপ সভাপতি বাসাম আদেল জলিল, অল নেপাল ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি কারমা তিসেরাং শেরপা ও ফুটবল ফেডারেশন অব শ্রীলঙ্কার সভাপতি জাসওয়ার উমর।
ফিফার প্রস্তাবের পক্ষে অবস্থান নেওয়ার কারণ হিসেবে চিঠিতে উল্লেখ করা হয়েছে, মেধাবী প্রজন্মের বিকোশের ক্ষেত্রে বিশ্বকাপের চার বছরের বিরতি ‘খুব বেশি হয়ে যায়’ এবং আন্তর্জাতিক ম্যাচ খেলার উইন্ডো ‘খুব ছোট’ থাকার কথা।
এ পর্যন্ত এশিয়ান ফুটবল কনফেডারেশনের সদস্য দেশগুলোর চার ভাগের একভাগেরও কম সংখ্যক দেশ বিশ্বকাপে অংশ নিতে পেরেছে, এই প্রতিযোগিতাগুলোর (বিরতি) ফুটবলে উন্নয়নের অন্তরায় বলেও উল্লেখ করা হয়েছে ওই যৌথ চিঠিতে।
এছাড়া বৈশ্বিক ক্রীড়াঙ্গনের বাড়ন্ত প্রতিযোগিতামূলক মনোভাব ফুটবলের উন্নতির মূল এবং এ কারণে আধুনিক বিশ্বের সঙ্গে মানানসই বর্ষপঞ্জি তৈরির পক্ষে ‘সন্তুষ্টচিত্তে অবস্থান’ নেওয়ার কথাও জানানো হয়েছে চিঠিতে।
বাংলাটিভি/ সাকিব



