
ভারতে চিকিৎসাধীন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পাইলট ক্যাপ্টেন নওশাদ আতাউল কাইয়ুম মারা গেছেন। বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুবে আলী এ তথ্য নিশ্চিত করেছেন।
ওমানের রাজধানী মাসকট থেকে গত শুক্রবার (২৭ আগস্ট) ১২৪ জন যাত্রী নিয়ে ঢাকায় ফেরার পথে মধ্য আকাশে হঠাৎ অসুস্থতা অনুভব করেন ক্যাপ্টেন নওশাদ আতাউল কাইয়ুম। পরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের শিডিউল ফ্লাইটটি (বিজি ০২২) ভারতের মহারাষ্ট্রের নাগপুরের ড. বাবাসাহেব আম্বেদকর আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইটটি জরুরি অবতরণ করে। সেখান থেকে খুব দ্রুত তাকে স্থানীয় হোপ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই নিবিড় পর্যবেক্ষণে (আইসিইউ) রেখে তাঁর চিকিৎসা চলছিল।
দায়িত্ব পালন করা অবস্থায় তাঁর এ মৃত্যু সত্যিকার অর্থেই আমাদের অত্যন্ত ব্যথিত করেছে। আমরা দক্ষ ও অভিজ্ঞ এ পাইলটের চিকিৎসার জন্য সর্বোচ্চ চেষ্টা করেছি।
এর আগে ২০১৬ সালের ২২ ডিসেম্বর পাইলট আতাউল কাইয়ুমের বিচক্ষণতায় বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে বেঁচে যায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটের দেড় শতাধিক আরোহী। বিমানের চাকা ক্ষতিগ্রস্ত হলেও তিনি নিরাপদে ঢাকায় জরুরি অবতরণ করাতে সক্ষম হন। এজন্য তিনি বৈমানিকদের আন্তর্জাতিক সংস্থা ইন্টারন্যাশনাল ফেডারেশন অব এয়ারলাইনস পাইলট অ্যাসোসিয়েশনের (আইএফএএলপিএ) প্রশংসাপত্রও পান।
বাংলাটিভি/এস



