
ক্রিশ্চিয়ানো রোনালদোর দলবদল নিয়ে নাটক শেষই হচ্ছে না। আজ তিনি জুভেন্টাসের সতীর্থদের বিদায় জানিয়ে ছেড়ে গিয়েছেন ইতালির তুরিন শহর।
শুক্রবার জুভেন্টাসের অনুশীলন মাঠে এসে সতীর্থদের কাছ থেকে বিদায় জানিয়েই চলে গেছেন রোনালদো।
এর আগে স্কাই স্পোর্টস জানিয়েছে, গতকালই ড্রেসিংরুমে নিজের লকার থেকে সবকিছু সরিয়ে নিয়ে গেছেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী এ পর্তুগিজ তারকা।
কিন্তু এরই মধ্যে তার দলবদল নিয়েছে নতুন মোড়। রোনালদোকে পেতে নিজেদের ইচ্ছের কথা জানিয়েছে তার পুরোনো ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডও।
সিআর সেভেনের নতুন ক্লাব হিসেবে জোরেশোরে নাম শোনা যাচ্ছিল ম্যানচেস্টার সিটির। কিন্তু ম্যান ইউর কোচের বক্তব্যে এবার পুরো চিত্রই যেন উল্টে গেল। রোনালদো জুভেন্টাস ছাড়তে চান, এমন ইচ্ছের কথা জানা গিয়েছিল স্পষ্টই।
আজ সংবাদ সম্মেলনে এসে আনুষ্ঠানিকভাবে ইতালিয়ান ক্লাবটির কোচ মাসিমিলিয়ানো অ্যালেগ্রি জানান, জুভেন্টাসের হয়ে খেলার ব্যাপারে রোনালদোর আগ্রহ নেই। তাই এম্পোলির বিপক্ষে আগামীকালের ম্যাচে তাকে ডাকা হবে না এবং অনুশীলনেও থাকবে না সে।
বাংলাটিভি/নিহান



