
নিউজিল্যান্ডের বিপক্ষে ৫ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের মূল প্রস্তুতি শুরু করে দিয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদরা। তিনদিনের কোয়ারেন্টাইন শেষে অনুশীলনে নেমেছে বাংলাদেশের জাতীয় ক্রিকেট দল।
তবে ১৯ সদস্যের দলের বাকিরা অনুশীলে নামলেও আজ মাঠে নামতে পারেননি সাকিব আল হাসান। যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরে একদিন পর কোয়ারেন্টাইনে যোগ দেওয়ায় এই অলরাউন্ডারের তিনদিনের কোয়ারেন্টাইন প্রক্রিয়া শেষ হয়নি এখনো।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড জানিয়েছে, আজই শেষ হবে সাকিবের রুম কোয়ারেন্টাইন। সব ঠিক থাকলে শনিবার থেকে অনুশীলন করতে পারবেন তিনি।
আজ অনুশীলনে সাকিব ছাড়া সবাই উপস্থিত ছিলেন। সকাল ১০টায় অনুশীলনের সূচি থাকলেও আধা ঘণ্টা আগেই মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে উপস্থিত হয় দল।
শুরুতে রানিং করার পর চলে ফিল্ডিং আর ক্যাচিং অনুশীলন। ফিটনেস অনুশীলন শেষে ব্যাট-বল নিয়ে স্কিল অনুশীলনে নেমে পড়েন মুশফিকুর রহিম, মুস্তাফিজুর রহমানরা। তাদের এই অনুশীলন পর্ব চলে দুপুর ১টা পর্যন্ত।
উল্লেখ্য, ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে ১ সেপ্টেম্বর। পরের চারটি ম্যাচ হবে যথাক্রমে ৩, ৫, ৮ ও ১০ সেপ্টেম্বর। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে দিবারাত্রির ম্যাচগুলো শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৪টায়।
বাংলাটিভি/নিহান



