
দেশে করোনায় একদিনে আক্রান্ত হয়ে আরও ২২৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত দেশে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭ হাজার ৮৯৪ জনে।গত ১৫ জুলাই দেশে করোনায় দ্বিতীয় সর্বোচ্চ ২২৬ জন মারা যান। ১৪ জুলাই ২১০ জন এবং ১৩ জুলাই দেশে করোনায় মারা যান ২০৩ জন । আর ১২ জুলাই দেশে তৃতীয় সর্বোচ্চ ২২০ জন মারা যান। ১১ জুলাই দেশে সর্বোচ্চ ২৩০ জন মারা যান।
এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছেন ১১ হাজার ৫৭৮ জন। এ নিয়ে দেশে মোট করোনা শনাক্তের সংখ্যা দাঁড়াল ১১ লাখ ৩ হাজার ৯৮৯ জনে।
রোববার (১৮ জুলাই) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৮ হাজার ৮৪৫ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ৯ লাখ ৩২ হাজার ৮ জন। গত ২৪ ঘণ্টায় ৩৯ হাজার ৮০৬ জনের নমুনা পরীক্ষায় শনাক্তের হার ২৯ দশমিক ৯ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ঢাকা বিভাগেরই ৬০ জন। এছাড়া খুলনায় ৫৪, চট্টগ্রামে ৪০, রাজশাহীতে ২০, বরিশালে ৯, সিলেটে ১৪, রংপুরে ১৪ এবং ময়মনসিংহে ১৪ জন মারা গেছেন।
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ১২৩ জন পুরুষ এবং ১০২ জন নারী। এদের মধ্যে ১৩ জন বাসায় মারা গেছেন। বাকিরা হাসপাতালে মারা গেছেন। এ পর্যন্ত ভাইরাসটিতে মোট মারা যাওয়াদের মধ্যে পুরুষ ১২ হাজার ৪১৪ জন এবং নারী ৫ হাজার ৪৮০ জন।
বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ১১৫ জনের বয়স ৬০ বছরের বেশি। এছাড়া ৫১ থেকে ৬০ বছরের ৫২, ৪১ থেকে ৫০ বছরের ৩১, ৩১ থেকে ৪০ বছরের ১৬, ২১ থেকে ৩০ বছরের ৭ জন, ১১ থেকে ২০ বছরের ৩ এবং দশ বছরের কম বয়সী ১ জন রয়েছেন।
বাংলাটিভি/ এস



