
সারাদেশে কঠোর বিধি-নিষেধ বাস্তবায়নে পুলিশের সঙ্গে সড়কে টহল দিচ্ছে বিজিবি ও সেনাবাহিনীর সদস্যরা। তবে বিভিন্ন জেলায় থামছে না করোনার প্রকোপ। খুলনা বিভাগে গত ২৪ ঘন্টায় ৩২ জনের মৃত্যু হয়েছে। এদিকে, রাজশাহী মেডিকেলে মারা গেছেন আরো ১৩ জন।
করোনা প্রাদুর্ভাব ঠেকাতে, সারাদেশে সংক্রমণ প্রতিরোধে কঠোর অবস্থানে আইনশৃংখা বাহিনীর সদস্যরা। সেনাবাহিনী টহলের পাশাপাশি, বিভিন্নস্থানে যানবাহন থামিয়ে চালক-আরোহীদের জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। অপ্রয়োজনে যারা বের হন তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থাও নেয়া হয়েছে।

এছাড়া জেলা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করে জনসাধারণকে ঘর থেকে বের হতে নিষেধ করা হচ্ছে। তবে, বিভিন্নস্থানে নিষেধাজ্ঞা অমান্য করে আজও অনেককে মাস্কবিহীন বাইরে চলাফেরা করেছেন।
এদিকে, গত ২৪ ঘন্টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ড ও আইসিইউতে মৃত্যু হয়েছে আরও ১৩ জন রোগীর। এদের মধ্যে ৫ জন পজিটিভ এবং ৮ জনের উপসর্গ রয়েছে।
খুলনা বিভাগে একদিনে আরো ৩২ জনের মৃত্যু হয়েছে। বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের তথ্য মতে, গত ২৪ ঘন্টায় খুলনায় ১১ জন, যশোরে ৮, নড়াইলে ২, ঝিনাইদহে ৩, কুষ্টিয়ায় ৫, চুয়াডাঙ্গায় ২ ও মেহেরপুরে ১ জনের মৃত্যু হয়েছে।
সাতক্ষীরার সিভিল সার্জন অফিস জানায়, গত ২৪ ঘণ্টায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে ৫ জনের মৃত্যু হয়েছে।
এদিকে, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন আরো ৯ জন করোনা রোগি।
ডেস্ক রিপোর্ট/ বাংলা টিভি/ এস



