
করোনা সংক্রমণ রোধে সারাদেশে গণপরিবহন ও শপিংমল বন্ধ রেখে এবং অফিস-আদালতে প্রয়োজনীয় সংখ্যক জনবল নিয়ে সীমিত লকডাউন শুরু হয়েছে। সীমিত পরিসরে লকডাউন বাস্তবায়নে মাঠ পর্যায়ে কঠোর অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
গতকাল এই সীমিত পরিসরে লকডাউনের ঘোষণা দিয়ে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ, সোমবার (২৮ জুন) সকাল ৬টা থেকে শুরু হওয়া এই লকডাউন শেষ হবে ১ জুলাই সকাল ৬টায়। এরপর কঠোর লকডাউনে যাবে গোটা দেশ। সেই দিন থেকে মাঠে থাকবে সেনাবাহিনী।
এতে বলা হয়, সারাদেশে পণ্যবাহী যানবাহন ও রিক্সা ব্যতীত সকল গণপরিবহন বন্ধ থাকবে। আইনশৃঙ্গলা রক্ষাকারী বাহিনী কর্তৃক নিয়মিত টহলের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করতে হবে। সকল শপিংমল, মার্কেট, পর্যটন কেন্দ্র, রিসোর্ট, কমিউনিটি সেন্টার ও বিনোদন কেন্দ্র বন্ধ থাকবে। খাবারের দোকান, হোটেল-রেস্তোরাঁ সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত খাবার বিক্রয় (শুধুমাত্র অনলাইন/টেকওয়ে) করতে পারবে।
সরকারি-বেসরকারি অফিস প্রতিষ্ঠানসমূহে শুধুমাত্র প্রয়োজনীয় সংখ্যক কর্মকর্তা-কর্মচারীর উপস্থিতি নিশ্চিত করতে নিজ নিজ অফিসের ব্যবস্থাপনায় তাদের আনা-নেওয়া করতে হবে। জনসাধারণকে মাস্ক পরার জন্য আরও প্রচার-প্রচারণা চালাতে হবে এবং প্রয়োজনীয় ক্ষেত্রে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে।
উল্লেখিত বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সব সিনিয়র সচিব/সচিবেদের নির্দেশনা দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।
করোনার ঊর্ধ্বগতি রোধে এই তিনদিন সীমিত পরিসরে লকডাউন শেষে ১ জুলাই থেকে ‘কঠোর লকডাউন’ বাস্তবায়ন করা হবে বলে আগেই জানিয়েছে সরকার। জাতীয় সংসদে চলতি অর্থবছরের বাজেট পাস এবং আর্থিক বছর শেষে জুন ক্লোজিংয়ের জন্য ২৮ জুন থেকে তিন দিন সীমিত পরিসলে লকডাউন চলবে।
বাংলাটিভি/ এস



