অস্থির ভোজ্যতেল ও পেঁয়াজের বাজার

আবারো অস্থির হয়ে উঠেছে ভোজ্যতেল ও পেঁয়াজের বাজার। মাত্র এক সপ্তাহের ব্যবধানে রাজধানীর বাজারে এই দুই পণ্যের দাম বেড়েছে প্রতিকেজি ৫ থেকে ১২ টাকা পর্যন্ত। নিত্যপণ্যের অযৌক্তিক মূল্য বৃদ্ধিতে ক্ষুব্ধ সাধারণ ক্রেতারা। এদিকে, বর্ষা মৌসুম আসন্ন হওয়ায় বাজারে বেড়েছে প্রায় সবধরণের সবজির দাম।
ভোজ্যতেলের দাম নিয়ে এমন ক্ষুব্ধ প্রতিক্রিয়া এখন হাজারো নিম্ন মধ্যবিত্ত পরিবারগুলোর মাঝে। প্রতি সপ্তাহেই যেন একটু একটু করে বেড়ে লাগাম ছাড়িয়েছে এই নিত্যপন্যটির দাম। বাজার নিয়ন্ত্রণে সরকারের সবশেষ বেঁধে দেয়া দাম লিটারপ্রতি ১৫৩ টাকা। এরপরও কোথাও কোথাও আরো বেশি রাখা হচ্ছে দাম।
এদিকে, রান্নার অন্নতম অনুষঙ্গ পেয়াজ। দাম বেশি থাকায় গত বছর পণ্যটি নিয়ে বেশ বেগ পেতে হয় সাধারণ ক্রেতাদের। নতুন পেঁয়াজ বাজারের আসায় সে সমস্যার সমাধান হলেও, গেল কয়েক সপ্তাহ ধরে আবারো অস্থির হয়ে উঠেছে পেঁয়াজের বাজার। রাজধানীতে কিছুদিন আগে পেঁয়াজের দাম ছিলো ৪০ থেকে ৪৫ টাকা কেজি, বর্তমানে তা বেড়ে ৫৫ থেকে ৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
এদিকে, বর্ষা মৌসুম আসন্ন হওয়ায় বাজারের কমতে শুরু করেছে সবজির সরবরাহ। যার কারণে দামও বেড়েছে বেশ খানিকটা। বেশিরভাগ সবজি বিক্রি হচ্ছে ৫০ থেকে ৭০ টাকা কেজি দরে।
এছাড়া, বাজারে মাছের সরবরাহ ভালো থাকায় গত সপ্তাহের দামেই বিক্রি হচ্ছে প্রায় সব ধরনের মাছ।
বাংলাটিভি/এস



