সমাজে অপরাধ করে কেউ পার পাবে না: র্যাব ডিজি

প্রযুক্তির খারাপ দিকগুলো বাদ দিয়ে ভালো দিকগুলোকে গ্রহণের আহ্বান জানিয়েছেন র্যাবের মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল মামুন। দুপুরে রাজধানীর বিএফডিসিতে ‘কিশোর অপরাধ বৃদ্ধিতে সোশ্যাল মিডিয়ার অপব্যবহার’ শীর্ষক বিতর্ক প্রতিযগিতা অনুষ্ঠানে এ আহ্বান জানান তিনি। এ সময়, সুনির্দিষ্ট অভিযোগ পেলে বিনোদন এপস বন্ধেরও আশ্বাস দেন তিনি।
রাজধানীরসহ দেশের বিভিন্ন স্থানে বেপরোয়া হয়ে উঠেছে কিশোর গ্যাং। সামাজিক যোগাযোগমাধ্যমেও সক্রিয় তারা। খুন, ধর্ষণ, মাদক চোরাচালান, মাদক সেবনসহ সাম্প্রতিক সময়ের কিছু ঘটনা কিশোর অপরাধের ভয়াবহতা আবার নতুন করে সামনে নিয়ে এসেছে।
এমন সংকটময় সময়ে রাজধানীর বিএফডিসিতে ‘কিশোর অপরাধ বৃদ্ধিতে সোশ্যাল মিডিয়ার অপব্যবহার’ শীর্ষক বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করে ডিবেট ফর ডেমোক্রেসি। সংগঠনটির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন র্যাবের মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল মামুন।
এ সময়, প্রযুক্তির নেতিবাচক ব্যবহার থেকে বিরত থেকে ভালো দিকগুলো গ্রহণের আহ্বান জানান র্যাবের মহাপরিচালক। পাশাপাশি সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে সামাজিক যোগাযোগ মাধ্যম কেন্দ্রীক বিভিন্ন এপস বন্ধে উদ্যোগ নেয়ারও আশ্বাস দেন তিনি।
কিশোর গ্যাং কিংবা অন্য যে কেউ অপরাধ করলে, কোন ধরণের ছাড় পাবে না বলে হুঁশিয়ারি দেন তিনি। সমাজ থেকে অপরাধ নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি অভিভাবকদেরও সতর্ক থাকার আহ্বান জানান সংস্থাটির মহাপরিচালক।
বাংলাটিভি/ এস



