আবারো অস্থির হচ্ছে পেঁয়াজের বাজার

আবারো অস্থির হয়ে উঠেছে পেঁয়াজের বাজার। মাত্র এক সপ্তাহ ব্যবধানে রাজধানীর বাজারে পেঁয়াজের দাম বেড়েছে প্রতিকেজি ৮ থেকে ১০ টাকা। এভাবে অযৌক্তিক মূল্য বৃদ্ধি নিয়ে ক্ষুব্ধ সাধারণ ক্রেতারা। এদিকে, সরবরাহের ঘাটতির কারণে বেড়েছে মাছ এবং সবধরনের সবজির দাম। আর ভরা মৌসুমেও কমেনি কোন চালের দর।
গত বছর পেঁয়াজের বাজার নিয়ে বেগ পেতে হয় ক্রেতাদের। এবার মৌসুম শুরুর পর থেকে অনেকটা হাতের নাগালে এসে গিয়েছিল রান্নার অন্যতম এই অনুষঙ্গের দাম। তবে আবারো অস্থির হতে শুরু করেছে পেঁয়াজের বাজার। মাত্র এক সপ্তাহের ব্যবধানে কেজিতে বেড়েছে ১০ টাকা পর্যন্ত।
এভাবে পেঁয়াজের দাম বাড়তে থাকায় রীতিমত ক্ষুব্ধ সাধারণ ক্রেতারা। বাজার নিয়ন্ত্রণে সরকারের তদারকি বাড়ানোর দাবি তাদের। আর বিক্রেতারা বলছেন, ভারতীয় পেঁয়াজ না আসার কারণে দামের আবারো উর্দ্ধগতি।
সবজির দামও বেড়েছে চলতি সপ্তাহে। বেশিরভাগ সবজির দাম ৫০ থেকে ৭০ টাকার মতো।এদিকে, মৌসুমে ধানের ভালো ফলনে উৎপাদিত চালের দাম কমার কথা থাকলেও বাজারে তার ছাপ নেই এখনো। সবরকম চালই বিক্রি হচ্ছে আগের দামে।
এছাড়া বাজারে মাছের সরবরাহ কম থাকায় বেড়েছে প্রায় সবধরনের মাছের দাম।এদিকে গরু-খাসির মাংস বিক্রি হচ্ছে আগের দামেই।
বাংলাটিভি/ এস



