
তিন সংসদীয় আসনে উপ-নির্বাচন আগামী ১৪ জুলাই অনুষ্ঠিত হবে, এছাড়া লক্ষীপুর-২ আসনের ভোট ২১ জুন
নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার নির্বাচন ভবনে কমিশন সভা শেষে বুধবার (২ জুন) নির্বাচনের এ তারিখ ঘোষণা করেন।
সিলেট-৩:
বাংলাদেশ আওয়ামী লীগ নেতা মাহমুদ উস সামাদ মৃত্যুবরণ করায় সিলেট-৩ আসনটি ১১ মার্চ শূন্য হয়। করোনার কারণে এখানে সিইসি নব্বই দিন ভোটের সময় পিছিয়ে দিয়েছেন। তাই ৮ জুনের পরিবর্তে এ আসনে উপ-নির্বাচনের সময় আছে ৬ সেপ্টেম্বর পর্যন্ত।
ঢাকা-১৪
বাংলাদেশ আওয়ামী লীগের প্রয়াত নেতা আসলামুল হকের ঢাকা-১৪ আসনটি শূন্য ঘোষণা করে সংসদ সচিবালয়।
সংসদ সচিবালয়ের ‘দায়িত্বপ্রাপ্ত সচিব’ মো. নূরুজ্জামান প্রকাশিত গেজেটে উল্লেখ করা হয়- বাংলাদেশ জাতীয় সংসদ সদস্য মো. আসলামুল হক গত ৪ এপ্রিল মৃত্যুবরণ করায় একাদশ জাতীয় সংসদের ১৮৭ ঢাকা-১৪ আসনটি ওই তারিখে শূন্য হয়েছে। সংবিধান অনুযায়ী, এ আসনে জুলাইয়ের ২ তারিখের মধ্যে উপ-নির্বাচন হওয়ার কথা। তবে সিইসি তার ক্ষমতাবলে নব্বই দিন সময় বাড়ানোয় এ আসনে ভোটের শেষ সময় ১ অক্টোবর।
কুমিল্লা-৫
বাংলাদেশ আওয়ামী লীগ থেকে নির্বাচিত সংসদ সদস্য আবদুল মতিন খসরু মৃত্যুবরণ করায় তার কুমিল্লা-৫ আসনটি শূন্য ঘোষণা করে সংসদ সচিবালয়।
জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ড. জাফর আহমেদ খান স্বাক্ষরিত গেজেট বিজ্ঞপ্তিতে বলা হয়- বাংলাদেশ জাতীয় সংসদ সদস্য আবদুল মতিন খসরু গত ১৪ এপ্রিল অপরাহ্নে মৃত্যুবরণ করায় একাদশ জাতীয় সংসদের কুমিল্লা-৫ আসনটি ওই তারিখে শূন্য হয়েছে।
সংবিধান অনুযায়ী, কোনো আসন শূন্য হলে তার পরবর্তী নব্বই দিনের মধ্যে নির্বাচন করার বিধান রয়েছে। এক্ষেত্রে শেষ সময় ছিল ১২ জুলাই। এ আসনেও সিইসি নব্বই দিন সময় বাড়ানোয় ভোটের শেষ সময় ১০ অক্টোবর।
এছাড়া করোনাভাইরাসের কারণে স্থগিত হওয়া লক্ষ্মীপুর-২ আসনের ভোট ২১ জুন অনুষ্ঠিত হবে। এই আসনের মনোনয়নপত্র আগেই যাচাই-বাছাই হয়েছে। লক্ষ্মীপুর-২ আসনের ভোট ১১ এপ্রিল হওয়ার কথা ছিল।
সংবিধান অনুযায়ী কোনো সংসদীয় আসন শূন্য হলে ৯০ দিনের মধ্যে নির্বাচনের বিধান রয়েছে। তবে দৈব-দুর্বিপাকের কারণে নির্বাচন করতে না পারলে আরও ৯০ দিন সময় পেছাতে পারে ইসি।
সচিব বলেন, আসনগুলো মনোনয়নপত্র দাখিলের শেষদিন ১৫ জুন, মনোয়নপত্র বাছাই ১৬ জুন, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষদিন ২৩ জুন, প্রতীক বরাদ্দ ২৪ জুন এবং ভোটগহণ করা হবে আগামী ১৪ জুলাই।
বাংলাটিভি/শহীদ



