
করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে চলতি লকডাউনের ৬ষ্ঠ দিনেও, নিরাপদ দূরত্ব মেনে চলার বালায় নেই সাধারণ মানুষের মাঝে। রাজধানীতে অবাধে চলছে সব ধরনের কাজকর্ম, ঠিক স্বাভাবিক সময়ের মতোই। ফুটপাত, বাজার-দোকান, গণপরিবহনসহ প্রায় সর্বক্ষেত্রেই স্বাস্থ্যবিধি না মানার প্রবণতা। সব উপেক্ষা করেই যেন চলছে ভীড়-ব্যস্ত জনজীবন। বিভিন্ন সড়কে আজও ছিলো তীব্র যানজট।
দূরত্ব মেনে চলার যেন বালায় নেই, এসব ফুটপাতগুলোতে। কয়েকদিন আগে আন্দোলন করে, স্বাস্থ্যবিধি মেনে বেচা-কেনা চালানোর কথা বললেও, বাস্তবে তার ছিটেফোঁটাও নেই। সেইসঙ্গে সংক্রমণ শঙ্কা উপেক্ষা করে কেনাকাটার ধুম লেগেছে ক্রেতাদের মাঝেও।
মাস্ক ছাড়াই ব্যস্ত দোকানিরা। কেন মাস্ক নেই জানতে চাইলে দিচ্ছেন বিভিন্ন অজুহাত।মহামারি করোনা নিয়ন্ত্রণে স্বাস্থ্যবিধি, সামাজিক দূরত্ব মেনে চলাসহ ১৮ দফা নির্দেশনা দেয় সরকার। তবে চায়ের দোকান, রেস্তোরাসহ পথের ধারের বিভিন্ন পসরায় মানুষের ভীড় দেখে বোঝার উপায় নেই, যে দেশে উদ্বেগজনক হারে প্রকোপ বাড়ছে করোনা ভাইরাসের।
এদিকে, কাঁচাবাজারে দূরত্ব নিশ্চিত করে নিত্যপণ্যে কেনা-বেচার কথা থাকলেও তাও উপেক্ষিত।
এছাড়া বাংলাদেশ ট্রেডিং কর্পোরেশন-টিসিবির ট্রাক থেকে স্বল্পমূল্যে পণ্য কিনতেও স্বাস্থ্যবিধির তোয়াক্কা না করে ছিলো ব্যাপক ভীড়।
এদিকে, রাজধানীর গণপরিবহনগুলোতে অর্ধেক যাত্রী নিয়ে চলাচল করলেও, উঠা-নামার ক্ষেত্রে কোনরকম দূরত্ব মানা হচ্ছে না।
মহামারী করোনা প্রাদুর্ভাবের এই সময়ে, সবকিছু এমনভাবে উদাসীনভাবে চলতে থাকলে সংক্রমণ পরিস্থিতি আরও ভয়াবহ হবে বলে মনে করে সাধারণ মানুষ।
বাংলাটিভি/রাজ



