
করোনা মহামারী পরিস্থিতি স্বাভাবিক হলে জাপান বাংলাদেশে আরো বিনিয়োগ করবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন দেশটির রাষ্ট্রদূত নাওকি ইতো। রোববার সকালে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাতে এসে তিনি জাপান সরকারের এই বার্তা দেন।
বিশেষ অর্থনৈতিক অঞ্চলের জন্য নারায়ণগঞ্জের আড়াইহাজারে জাপানকে জায়গা দেওয়া হয়েছিল, যা আগামী বছর প্রস্তুত হবে বলে রাষ্ট্রদূত বৈঠকে প্রধানমন্ত্রীকে অবহিত করেন।
নাওকি ইতো বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে জাপানের প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগার পাঠানো বার্তা এবং ১৯৭৩ সালে জাতির পিতার জাপান সফরের ওপর নির্মিত তথ্যচিত্র ‘ওয়েলকাম বঙ্গবন্ধু’ শেখ হাসিনার কাছে হস্তান্তর করেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ জন্য জাপানের প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগাকে ধন্যবাদ জানান।



