
ঢাকাসহ ৬ জেলায় চলতি বছরের প্রথম কালবৈশাখী আঘাত হেনেছে। নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মাদারীপুর ও বরিশালে বয়ে গেছে কালবৈশাখী ঝড়। সেই সঙ্গে শুরু হয়েছে বৃষ্টি। বৃষ্টি শুরুর আগে বাতাসের সঙ্গে ধুলার ঝড় বয়ে যায় রাজধানীর উপর দিয়ে।
আবহাওয়া অধিদপ্তর বলছে, বর্তমানে লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ অবস্থান করছে দক্ষিণ বঙ্গোপসাগরে। আগামীকাল নাগাদ আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে। বৃষ্টির পর তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে।
আবহাওয়া অধিদপ্তর আরো জানায়, দুপুর ১টা থেকে রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী বন্দরসমূহকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
বলা হয়েছে, পাবনা, রাজশাহী, রংপুর, দিনাজপুর, বগুড়া, ময়মনসিংহ, টাঙ্গাইল, ঢাকা, ফরিদপুর, কুমিল্লা, নোয়াখালী, খুলনা, বরিশাল ও পটুয়াখালী অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।



