
দেশের মুক্তিযুদ্ধের ইতিহাসে স্বাধীন বাংলা ফুটবল দল অবিচ্ছেদ্য এক অংশ। দেশের ক্রান্তিকালে বল পায়ে স্বাধীনতার পক্ষে জনমত তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন জাকারিয়া পিন্টু-প্রতাপ শঙ্কর হাজরা, নওশেরউজ্জামানদের মতো অকুতোভয় ফুটবলাররা।
কালের বিবর্তনে হারিয়ে গেছেন তখনকার দলটির ৩৫ সদস্যের অনেকেই। তবে এখনো অম্লান তাদের স্মৃতি। স্বাধীনতার পঞ্চাশতম বছরে অগ্নিঝরা মার্চের সেই সময়কার স্মৃতিচারণ করছেন প্রবীণ ফুটবলাররা।
বাংলাদেশের স্বাধীনতার কথা উঠলেই স্বাধীন বাংলা ফুটবল দলের নাম উচ্চারিত হবেই। দেশকে শত্রু মুক্ত করতে তারা মাঠের খেলায় উদ্দীপ্ত ছিলো স্বাধীনতার শ্লোগান বুকে নিয়ে। বিশ্ব মানচিত্রে দেশের জায়গা করে নিতে দৃঢ় প্রতিজ্ঞা একঝাঁক তরুণ ফুটবলার নিয়ে গঠন করা হয় স্বাধীন বাংলা ফুটবল দল।
তৎকালীন অস্থায়ী সরকারের নির্দেশ, দেশের মুক্তিযোদ্ধাদের সাহায্যার্থে অর্থ সংগ্রহ করাই ছিলো স্বাধীন বাংলা ফুটবল দল গঠনের লক্ষ্য।
১৯৭১ সালে ভারতের বিভিন্নস্থানে ১৬টি প্রদর্শনী ম্যাচে অংশগ্রহণ করে তারা। এর মধ্যে ১২টিতে বিজয় স্বাদ নিয়ে মাঠ ছাড়ে স্বাধীন বাংলা ফুটবল দল। সেসময় ভারত এবং ইংল্যান্ডের সংবাদমাধ্যমে শিরোনামেও আসে স্বাধীন বাংলা ফুটবলের নাম।
মুক্তিযুদ্ধে ফুটবলারদের এই অবদানের কথা চিরদিন অম্লান হয়ে থাকবে। যতোদিন বাংলাদেশ থাকবে, স্বাধীনতার সম্মুখ যোদ্ধাদের পাশাপাশি জাতি শ্রদ্ধাভরে স্বরণ করবে ফুটবলের যোদ্ধাদেরও।
মোহাম্মদ হাসিব, বাংলা টিভি



