
করোনা ভাইরাসে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও ১৩ জন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮ হাজার ৪৮৯ জনে। এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে আরও ৯১২ জনের শরীরে। এ নিয়ে দেশে মোট করোনা শনাক্ত দাঁড়াল ৫ লাখ ৫২ হাজার ৮৭ জন।
করোনাভাইরাস নিয়ে মঙ্গলবার (৯ মার্চ) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, এদিন সুস্থ হয়েছেন আরও ১ হাজার ২২৯ জন। মোট সুস্থ হয়েছেন ৫ লাখ ৫ হাজার ৩৪৯ জন।
বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১৩ জনের মধ্যে ১৩ জনই পুরুষ। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১.৫৪ শতাংশ। এ পর্যন্ত মৃত্যুবরণ করা ৮,৪৮৯ জনের মধ্যে ৬ হাজার ৪২০ জন পুরুষ ও ২,০৬৯ জন নারী। আর গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরো ১,২২৯ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯১.৫৩ শতাংশ। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়ালো ৫ লাখ ৫ হাজার ৩৪৯ জন।
এদিকে, ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, মঙ্গলবার সকাল পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ১১ কোটি ৭৭ লাখ ৪৫ হাজার ২৮৪ জন এবং মৃত্যু হয়েছে ২৬ লাখ ১১ হাজার ৭৪৭ জনের। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯ কোটি ৩৪ লাখ ১৭ হাজার ৬৭৫ জন।



