মিয়ানমারে নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত-৯

মিয়ানমারে সামরিক অভ্যুত্থান বিরোধীদের প্রতিবাদ চলাকালে নিরাপত্তা বাহিনীর গুলিতে আজও অন্তত নয়জন নিহত হয়েছে বলে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানায়।
মিয়ানমারে সেনা সরকারের রক্তচক্ষু উপেক্ষা করেই ২৭তম দিনের মতো রাজপথে নেমেছে সু চি’র সমর্থকরা। এসময় মাথায় হেলমেট আর হাতে ঢাল নিয়ে জান্তা বিরোধী শ্লোগান দেয় বিক্ষোভকারীরা। মঙ্গলবার গণতন্ত্রপন্থীদের ছত্রভঙ্গ করতে নির্বিচারে গ্রেনেড গুলি আর জলকামান ছোঁড়ে পুলিশ।
এতে গুরুতর আহত হন বেশ কয়েকজন বিক্ষোভকারী। এমন অবস্থায় আহতদের চিকিৎসা দিতে রাস্তায় রাস্তায় মোবাইল ক্লিনিক স্থাপন করে আন্দোলনরত চিকিসৎকরা। বিক্ষোভে দেশটিতে বন্ধ রয়েছে সরকারি হাসপাতাল, অফিসসহ মেট্রো স্টেশন।
ফ্রন্টিয়ার ম্যাগাজিন জানায়, মান্দালয়ে হাজার হাজার মানুষের সমাবেশে পুলিশ প্রথমে টিয়ার গ্যাস ও রাবার বুলেট নিক্ষেপ করে। জনতা ছত্রভঙ্গ হয়ে যায়। কিছু সময় পরে তারা ফের একই স্থানে সমবেত হওয়ার চেষ্টা করলে পুলিশ গুলি চালায়।
মনুয়ায় একজন উদ্ধারকারী জানিয়েছেন, তিনি চারজনের লাশ দেখেছেন। অবশ্য মনুয়া গেজেট নামের স্থানীয় একটি সংবাদপত্র নিহতের সংখ্যা ৫ বলে উল্লেখ করেছে। এছাড়া সবচেয়ে বড় শহর ইয়াঙ্গুনে পুলিশের গুলি বর্ষণ ও তাতে অসংখ্য আহত হওয়ার কথা জানিয়েছে তারা।
মিয়ানমার নাউ ওয়েবসাইটের খবরে জানা গেছে, ইয়াঙ্গুনে ৩০০ জনকে পুলিশ গ্রেপ্তার করেছে। তাছাড়া তাদের ওপর চড়াও হয়ে ভয়াবহ লাঠিচার্জ করা হয়েছে।



