
আজ ২ মার্চ। ১৯৭১ সালে এই দিনেই পূর্ব পাকিস্তানের ভূখণ্ডে প্রথম উত্তোলন করা হয় স্বাধীন বাংলাদেশের পতাকা। পাকিস্তানি শাসকগোষ্ঠীর শোষণ আর নিপীড়নের বিরুদ্ধে তৎকালীন ডাকসু নেতাদের উদ্যোগে সেদিন সাড়া দিয়েছিল আপামর জনতা। আর, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ওই পতাকা উত্তোলনের মধ্য দিয়েই স্বাধীন বাংলার বীজ বোনা হয়েছিল।
২রা মার্চ ১৯৭১, ঢাকায় বঙ্গবন্ধুর ডাকে হরতাল চলছিল, হানাদার বাহিনী ছিল সতর্ক অবস্থানে। এর মধ্যেই সকাল থেকে নানা শ্রেণি-পেশার মানুষ জড়ো হতে থাকেন ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়।
পরে বিশ্ববিদ্যালয়ের কলাভবনের সামনে ছাত্র-জনতার বিশাল সমাবেশে তৎকালীন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ- ডাকসু’র ভিপি আ স ম আব্দুর রব ও ডাকসু নেতারা উত্তোলন করেন স্বাধীন বাংলাদেশের প্রথম পতাকা।
আ স ম আব্দুর রব এ প্রসঙ্গে বলেন, ২ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশপাশের এলাকা মুখরিত ছিল জয় বাংলা ধ্বনিতে। যা ছিল এক অভূতপূর্ব দৃশ্য। তিনি আরও বলেন, অকুতোভয় ছাত্র-জনতা পাকিস্তানি শাসকগোষ্ঠীর রক্তচক্ষু উপেক্ষা করে সেদিন জানিয়ে দিয়েছিল, বীর বাঙালি তাদের কাছে মাথা নত করবে না।
৭১ এর ২রা মার্চ পতাকা উত্তোলনে উপস্থিত ছিলেন ছাত্রনেতা নুরে আলম সিদ্দিকী, শাজাহান সিরাজ, আবদুল কুদ্দুস মাখনসহ ছাত্রলীগের অন্য নেতারা। সেখান থেকেই পরের দিন স্বাধীনতার ইশতেহার পাঠের পরিকল্পনা করা হয়। যার মাধ্যমে আরো একধাপ এগিয়ে যায় স্বাধীনতার সংগ্রাম।
আসাদ রিয়েল, বাংলা টিভি



