অর্থনীতিবানিজ্য সংবাদ
উদ্ভাবক ও বিজ্ঞানী তৈরিতে ৫০ কোটি ডলারের তহবিল গঠন করেছে আইডিবি

৫০ কোটি ডলারের তহবিল গঠন করেছে ইসলামী উন্নয়ন ব্যাংক-আইডিবি। উদ্ভাবক ও বিজ্ঞানী তৈরিতে এ অর্থ ব্যয় করা হবে। রবিবার রাজধানীর একটি হোটেল এ তথ্য জানিয়েছেন বাংলাদেশে সফররত আইডিবি প্রেসিডেন্ট ড. বন্দর এম এইচ হাজ্জারের উপদেষ্টা ড. হায়াত সিন্ধি।
তিনি জানান, বাংলাদেশি মুদ্রায় চার হাজার কোটি টাকার সমপরিমাণের এ তহবিলটির নাম দেওয়া হয়েছে ‘ট্রান্সফরমারস ফান্ড’। আইডিবির সদস্য দেশগুলোর মধ্যে নতুন ধারণার উদ্ভাবক, বিজ্ঞানী ও উদ্যোক্তা তৈরিতে এ অর্থ খরচ করা হবে। আইডিবি প্রেসিডেন্ট ড. বন্দর এম এইচ হাজ্জার বলেন, বাংলাদেশে অনেক মেধাবী শিক্ষার্থী রয়েছে।
এ তহবিল থেকে তারা নিজেদের মেধা ও যোগ্যতাকে আরও বিকশিত করতে পারবে। শুধু বাংলাদেশ নয়, মুসলিম বিশ্বের উদ্ভাবক ও উদ্যোক্তাদের কাজকে বিকশিত ও ত্বরান্বিত করতে এ তহবিল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।



