
উন্নত বিশ্বে যেখানে মাত্র ২ থেকে ৩ মাসে একটি বহুতল ভবন নির্মাণ শেষ হয়, সেখানে বাংলাদেশে সময় লেগে যায় কয়েক বছর। আর, এর ব্যয়ও বাড়ে বহুগুণ। এ অবস্থা নিরসনে, সরকারের গণপূর্ত বিভাগ বহুতল স্থাপনা নির্মাণে প্রথাগত পুরনো পদ্ধতি বদলে আধুনিক প্রযুক্তির পরিবেশবান্ধব কার্যক্রম শুরু করেছে বলে জানালেন, সংস্থার প্রধান প্রকৌশলী মোহাম্মদ শামীম আখতার।
আর, নতুন এ উদ্যোগের ফলে স্থাপনা টেকসই হওয়ার পাশাপাশি, দুর্নীতিও অনেকটা কমে যাবে বলে মত দিয়েছেন, নগর পরিকল্পনাবিদ ইকবাল হাবিব।
২০১৫ সালের ঘটনা। মাত্র ১৯ দিনে একটি ৫৭ তলা ভবন নির্মাণ করে বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছিল মধ্য চীনের একটি নির্মাতা প্রতিষ্ঠান। এরপর সময় গড়িয়েছে অনেক। করোনার দুর্যোগকালে মাত্র ১০ দিনে একটি এক হাজার শয্যার হাসপাতালও নির্মাণ করে চীন।
শুধু চীন নয়, ইউরোপ আমেরিকার বিভিন্ন দেশেই এখন উন্নত প্রযুক্তি ব্যবহার করে দ্রুত সময়ে পরিবেশবান্ধব বহুতল ভবন নির্মাণ করা হচ্ছে। ইতোমধ্যেই বাংলাদেশের বিভিন্ন সরকারি ভবন নির্মাণেও আধুনিক প্রযুক্তির ব্যবহার শুরু হয়েছে বলে জানালেন, গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মোহাম্মদ শামীম আখতার।
আগামী জুনের মধ্যে এমন আড়াই হাজারের মত বহুতল ভবনের কাজ শেষ হচ্ছে বলেও জানান তিনি। এছাড়াও প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী, প্রকল্পের সময় বাড়িয়ে বাড়তি খরচ বন্ধে আধুনিক প্রযুক্তির ব্যবহার জরুরী বলেও মনে করেন প্রকৌশলী শামীম।
আর, নগর পরিকল্পনাবিদ ইকবাল হাবিব মনে করেন, আধুনিক প্রযুক্তিতে কাজ করলে স্থাপনা টেকসই হওয়ার পাশাপাশি, এর ব্যয়ও কমবে এবং পরিবেশও রক্ষা পাবে।
আরমান কায়সার, বাংলা টিভি



