আন্তর্জাতিকঅন্যান্য
কঙ্গোতে জঙ্গি হামলায় নিহত ৪৬

ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর পূর্বাঞ্চলে সন্দেহভাজন জঙ্গিদের হামলায় ৪৬ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার ইতুরু প্রদেশের ইরুমু অঞ্চলের ওই গ্রামে হামলা করা হয় বলে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে।
হামলার খবর পেয়ে গ্রামটিতে সেনা সদস্যদের পাঠানো হয়েছে, তারা মৃতদেহ উদ্ধারে কাজ করছে বলে জানিয়েছেন স্থানীয় সেনাবাহিনীর মুখপাত্র জুলস এনগোংগো। হামলার পেছনে অ্যালাইড ডেমোক্রেটিক ফোর্সেস (এডিএফ) আছে বলেও সন্দেহ করছেন প্রাদেশিক স্বরাষ্ট্রমন্ত্রী আজিও গিদি। ঘটনাস্থলে স্থানীয় নিরাপত্তা বাহিনীর সদস্যদের পাঠানো হয়েছে।
উগান্ডার এ সশস্ত্র দলটিই কঙ্গোর পূর্বাঞ্চলে ধারাবাহিক গণহত্যা চালাচ্ছে বলে অভিযোগ রয়েছে। ২০১৯ সালের শুরু থেকে এখন পর্যন্ত তাদের হাতে এক হাজারের বেশি সাধারণ মানুষ নিহত হয়েছে বলে এ সংক্রান্ত জাতিসংঘের এক হিসাবে দেখা যাচ্ছে।



