
বৃহস্পতিবার সুপার কাপের দ্বিতীয় সেমিফাইনালে রিয়াল মাদ্রিদকে ২-১ গোলে হারিয়েছে অ্যাথলেটিকো বিলবাও। দুর্দান্ত ম্যাচ জিতে দলকে ফাইনালের মঞ্চে নিতে জোড়া গোল করেছেন রাউল গার্সিয়া। আর তাতেই লাখো মানুষের স্বপ্নের বার্সেলোনা-রিয়ালের উত্তেজনাকর এল ক্লাসিকোর ফাইনালটাও ভেস্তে গেলো।
মালাগার মাঠ লা রোসালেদায় সুযোগ তৈরি কিংবা শটে সব দিক থেকে এগিয়ে ছিল লস ব্লাঙ্কোস। মার্কো আসেনসিও’র দুইটি প্রচেষ্টাও ব্যর্থ হয়েছে পোস্টে লেগে।
স্কোরশিটে নাম তোলা বেনজেমার আরেকটি গোল বাতিল হয়েছে অফসাইডে থাকায়। ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের কাছে নিতে খুব বেশি সময় লাগেনি বিলবাওয়ের। ১৮তম মিনিটে তাদের এগিয়ে নেন রাউল গার্সিয়া।
দানি গার্সিয়ার ডিফেন্স চেরা পাস নিয়ন্ত্রণে নিয়ে এগিয়ে আসা গোলকিপার থিবো কোর্তোয়াকে ফাঁকি দিয়ে দূরের পোস্ট দিয়ে বল জালে জড়িয়ে দেন রাউল গার্সিয়া। রবিবার স্প্যানিশ সুপার কাপের ট্রফি জয়ের লড়াইয়ে মুখোমুখি হবে বার্সা-বিলবাও।



