Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
অর্থনীতিবানিজ্য সংবাদ

দীর্ঘ চার বছর সংস্কারের পর অবশেষে চালু হতে যাচ্ছে ঢাকা শেরাটন হোটেল

দীর্ঘ চার বছর সংস্কারের পর, অবশেষে চালু হতে যাচ্ছে সাবেক রূপসী বাংলা হোটেল। আগামীকাল আধুনিকতার ছোঁয়ায় সাজানো ঐতিহ্যবাহী হোটেল ইন্টার কন্টিনেন্টাল-এর ব্যানারে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হচ্ছে এ হোটেলের। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাল সন্ধ্যায় এর উদ্বোধন করবেন। আজ সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী একেএম শাহজাহান কামাল।

বাংলাদেশের ইতিহাসে নানাভাবে জড়িয়ে আছে হোটেল ইন্টারকন্টিনেন্টালের নাম। বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালীন অনেক গুরুত্বপূর্ণ রাজনৈতিক ঘটনার সাক্ষী এ হোটেল।  ১৯৭১ সালে এই হোটেলটিতে দুই দফা গেরিলা হামলা চালায় ক্র্যাক প্লাটুনের গেরিলা যোদ্ধারা। এখান থেকেই বিশ্বব্যাপী বাংলাদেশের মুক্তিযুদ্ধের কথা ছড়িয়ে দেন আন্তর্জাতিক গণমাধ্যমের সাংবাদিকরা।

১৯৬৬ সালে রাজধানীর শাহবাগে প্রায় সাড়ে চার একর জমির ওপর যাত্রা শুরু করেছিল দেশের প্রথম পাঁচ তারকা হোটেল ইন্টার কন্টিনেন্টাল। এই নামেই চলে ১৯৮৩ সাল পর্যন্ত। এরপর স্টারউড কোম্পানির সাথে চুক্তি হওয়ায় ২০১১ সাল পর্যন্ত ঢাকা শেরাটন হোটেল নামে এর  বাণিজ্যিক কার্যক্রম চলে। শেরাটনের সাথে চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের নিজস্ব ব্যবস্থাপনায় রূপসী বাংলা হোটেল নামে এটি পরিচালিত হয়।

পরে লোকসানের মুখে আন্তর্জাতিক হোটেল চেইন ইন্টার কন্টিনেন্টালের সঙ্গে সরকার পুনরায় ৩০ বছরের চুক্তি করলে ২০১৪ সালের ১ সেপ্টেম্বর থেকে সংস্কারের জন্য বিরতিতে যায় এই হোটেল। দেশীয় সংস্কৃতি, ঐতিহ্য ও মোগল স্থাপত্যশৈলীর আবহে ৬২০ কোটি টাকা খরচে সংস্কার করা রাষ্টীয় মালিকানাধীন এই হোটেলটি।

উদ্বোধন উপলক্ষে বুধবার সচিবালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়। এতে মন্ত্রী একেএম শাহজাহান কামাল জানান, বৃহষ্পতিবার সন্ধ্যায় উদ্বোধন হবে ইন্টার কন্টিনেন্টাল-এর।

মন্ত্রণালয়ের সচিব মহিবুল হক আশা জানান, স্বল্প সময়ের হারানো ঐতিহ্য ফিরিয়ে, আবারও দেশের এক নম্বর হোটেল হবে ইন্টারকন্টিনেন্টাল।
তবে, এর পুরোপুরি বাণিজ্যিক কার্যক্রম শুরু হতে নভেম্বরের প্রথম সপ্তাহ পর্যন্ত অপেক্ষা করতে হবে বলেও জানান সচিব।

-আসাদ রিয়েল, বাংলা টিভি, ঢাকা।

সংশ্লিষ্ট খবর

Back to top button