
আজ সন্ধ্যায় ফেডারেশন কাপের মধ্য দিয়ে মাঠে গড়াচ্ছে ঘরোয়া ফুটবল। বঙ্গবন্ধু স্টেডিয়ামে দু’দলের উদ্বোধনী ম্যাচটি শুরু হবে সন্ধ্যা সাড়ে পাঁচটায়। গতবারের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস ও রানার্সআপ রহমতগঞ্জের ম্যাচ দিয়ে পর্দা উঠছে টুর্নামেন্টের। দু’দলেরই লক্ষ্য জয় দিয়ে নতুন মৌসুম শুরু করা।
কথা ছিলো ১৯ নভেম্বর শুরু হবে ঘরোয়া ফুটবলের নতুন মৌসুম ফেডারেশন কাপ। জাতীয় দলের খেলোয়াড়দের আন্তর্জাতিক ম্যাচ থাকায়, তাদের ক্লাবের পাওয়ার সুবিধার জন্য তিনদিন পিছিয়ে মঙ্গলবার থেকে মাঠে গড়াচ্ছে এটি।
যেখানে স্বাভাবিকভাবেই ফেভারিট বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। গতবারের চ্যাম্পিয়ন কিংস, এবারের আসরের জন্য ব্রাজিল থেকে এনেছে দুই ফুটবলার। বোটাফোগোর জোনাথন ফার্নান্দেজ ও ফ্লুমিনেন্স রবসন সিলভা, এই দুই ফুটবলারের সঙ্গে এক আর্জেন্টাইন অস্কার বেসেরাকে দিয়েই তারা শুরু করতে চায় শ্রেষ্ঠত্ব ধরে রাখার মিশন।
প্রতিপক্ষ রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস এন্ড সোসাইটির লক্ষ্য, ধারাবাহিক ভালো খেলা। গতবার টুর্নামেন্টের ফাইনালে উঠে চমক দেখিয়েছিল তারা। এবার তার পূণরাবৃত্তি করতে চায় দলটি।



