২ সপ্তাহের লকডাউনে ব্রিটেন

বড়দিনের উৎসবকে ঘিরে করোনা সংক্রমণের বিস্তার ঠেকাতে রোববার থেকে দুই সপ্তাহের জন্য লকডাউনের ঘোষণা দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। যেসব এলাকা লকডাউনের আওতায় থাকবে, সেসব এলাকায় নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকান ছাড়া বাকি সব দোকানপাট বন্ধ থাকবে। এলাকাগুলোতে ভ্রমণ সতর্কতাও জারি করা হয়েছে।
এর মধ্যে দেশটিতে করোনাভাইরাসের যে নতুন উপসর্গ শনাক্ত হয়েছে, তা আরও দ্রুত গতিতে ছড়াতে পারে বলে জানিয়েছেন দেশটির প্রধান চিকিৎসা কর্মকর্তা। যুক্তরাজ্যে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকা বড়দিনের পরপরই অনুমোদন পেতে পারে বলে জানিয়েছে দেশটির ওষুধ নিয়ন্ত্রক সংস্থা।
সর্বোচ্চ পর্যায়ের লকডাউনের ঘোষণা আসার পরপরই বিপণিবিতানে ভিড় করতে দেখা যায় লন্ডনের বাসিন্দাদের। ঠান্ডা আবহাওয়া উপেক্ষা করেই শেষ মুহূর্তে বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় জিনিসসহ বড়দিন উপলক্ষে কেনাকাটা সারতে দেখা যায় বহু মানুষকে। ৩০ ডিসেম্বর লকডাউনের বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
এদিকে, অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস অঙ্গরাজ্যের রাজধানী সিডনির বিভিন্ন এলাকায় নতুন করে করোনাভাইরাস ছড়ানোয় কিছু বিধিনিষেধ আরোপ করা হয়েছে। শনিবার থেকে সিডনির বিভিন্ন এলাকায় নতুন করে লকডাউন ঘোষণা করা হয়েছে। ক্রিসমাসের সময় করোনা সংক্রমণ প্রতিরোধে এ উদ্যোগ যথেষ্ট বলে মনে করছেন দেশটির কর্মকর্তারা।



