
নতুন মৌসুমের শুরুটা ভালো হলো না প্যারিস সেন্ট জার্মেই- পিএসজি’র। লিগ ওয়ানে নিজেদের প্রথম ম্যাচে কাল লেঁসের বিপক্ষে ১-০ গোলে হেরেছে গত মাসে উয়েফা চ্যাম্পিয়নস লিগের ফাইনাল খেলা দলটি।
নেইমার, এমবাপে, ডি মরিয়াদের অনুপস্থিতিতে কাল অচেনা ফুটবলারদের নিয়ে একাদশ সাজিয়েছিলেন পিএসজি কোচ টমাস টুখেল। বল দখলের লড়াইয়ে অবশ্য পিএসজির অচেনা দলটিই এগিয়ে ছিল। কিন্তু গোলমুখে সেভাবে কার্যকর হয়ে উঠতে পারেনি।
আর এই সুযোগটাই নিয়েছে শীর্ষ লিগে উঠে আসা লেঁস। ম্যাচের প্রথমার্ধে গোল হয়নি। ৫৭ মিনিটে ভুলবশত লেঁসের স্ট্রাইকার ইগনাতিউস গানাগোর পায়ে বল তুলে দেন পিএসজির গোলরক্ষক মার্সিন বুলকা।
পরে ওয়ান-টু খেলে বুলকাকে পরাস্ত করতে বেগ পেতে হয়নি গানাগোর। এই গোলটাই শেষ পর্যন্ত ম্যাচের ভাগ্য নির্ধারক হয়েছে।



