
মুক্তিযুদ্ধকালীন ৪ নম্বর সেক্টরের কমান্ডার অবসরপ্রাপ্ত মেজর জেনারেল চিত্তরঞ্জন দত্ত বীর উত্তম মারা গেছেন।
মঙ্গলবার বাংলাদেশ সময় সকাল সাড়ে ৯টায় আমেরিকার ফ্লোরিডায় মারা যান তিনি। এর আগে, বার্ধক্যজনিত নানা রোগে আক্রান্ত হয়ে আমেরিকার ফ্লোরিডার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি।
সি আর দত্তের জন্ম ১৯২৭ সালের ১ জানুয়ারি আসামের শিলংয়ে। তিনি ১৯৪৭ সালে পাকিস্তান আর্মিতে অফিসার পদে যোগ দেন। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে ৪ নম্বর সেক্টরে দায়িত্ব পালন করেন তিনি। ১৯৭৪ সালে বাংলাদেশ সেনাবাহিনীর মেজর জেনারেল পদ থেকে অবসরে যান।
মুক্তিযুদ্ধে ভূমিকার জন্য বাংলাদেশ সরকার তাঁকে বীরোত্তম সম্মানে ভূষিত করে। সেক্টর কমান্ডারস ফোরামের জ্যেষ্ঠ সহসভাপতির দায়িত্ব পালন করছিলেন সি আর দত্ত।



