
শ্যুটিং ফেডারেশনের চলমান স্থবিরতা দূর করার জন্য আরো কঠোর সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। বাংলা টিভিকে দেয়া একান্ত সাক্ষাৎকারে তিনি একথা বলেন। তার মতে, ফেডারেশন কর্তাদের দ্বন্দ্বের কারণেই আসছে না প্রত্যাশিত ফলাফল। আর সংস্থার সভাপতি বলছেন, তদন্তের স্বচ্ছতা ছাড়া ফেডারেশনে অ্যাডহক কমিটি করা ঠিক হবে না।
সভাপতি নাজিম উদ্দিন চৌধুরী ও মহাসচিব ইন্তেখাবুল হামিদ অপু’র দ্বন্দ্বের মুখে দীর্ঘ ধরেই অস্থিরতা বিরাজ করছে শ্যুটিং ফেডারেশনে। এই ক্রীড়াঙ্গনের সংকট অনুসন্ধানে, গঠন করা তদন্ত কমিটির প্রতিবেদনে উঠে আসে মহাসচিব ও সভাপতির সমন্বয়হীনতা-রেষারেষির বলি হচ্ছেন শ্যুটাররা।
বিদেশ থেকে আনা শ্যুটিং আর্মসসহ অন্যান্য সরঞ্জামের ব্যাপারে এনবিআরের কাছে জবাবদিহি করতে হয়েছে শুটারদের, যা তাদের জন্য অসম্মানজনক। শ্যুটিং ফেডারেশনের সমন্বয়হীনতায় ক্ষিপ্ত যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীও।
ফেডারেশন নিয়মিত কাজ ছাড়া, কোনো কর্মকর্তা আর কোনো নীতিনির্ধারনী সিদ্ধান্ত দিতে পারবে না জানিয়ে, জাতীয় ক্রীড়া পরিষদ প্রজ্ঞাপন জারি করে। তাতে শিগগিরই ফেডারেশনের অ্যাডহক কমিটি গঠনের প্রক্রিয়া দৃশ্যমান হয়ে উঠছে।
এদিকে, মহাসচিবের সাথে যোগাযোগ করা হলে তিনি ফোনে জানান, কোন একটি মহল উদ্দেশ্য প্রণোদিতভাবে তার বিরুদ্ধে অর্থ দূর্নীতিসহ বিভিন্ন অভিযোগ এনেছে। যা সত্য নয় বলেও দাবি করেন তিনি।
তবে সমস্যা যাই হোক, ফেডারেশনের শীর্ষ কর্তাব্যক্তিদের রেষারেষি কাটিয়ে দ্রুত এ বিষয়ে সমাধানের দিকে যাওয়ার প্রত্যাশায় শুটাররা।
মোহাম্মদ হাসিব, বাংলা টিভি



