ইতালীতে শেষ হয়েছে বৈধতা কার্যক্রম

ইতালীতে ১৫ আগষ্ট শেষ হয়েছে অবৈধ অভিবাসীদের বৈধতা কার্যক্রম। দূতাবাস থেকে যথাসময়ে পাসপোর্ট না পাওয়ায় অনেক প্রবাসীই এই কার্যক্রমে অংশ নিতে পারেননি। তবে দূতাবাস এবং সংশ্লিষ্টরা বলছেন তারা যথাসাধ্য চেষ্টা করেছেন প্রবাসীদেরকে যথাসময়ে সেবা দিতে।
জীবিকার তাগিদে বিভিন্ন সময়ে ২ লক্ষাধিক বাংলাদেশী পাড়ি জমিয়েছেন ইতালীতে। সম্প্রতি দেশটিতে করোনা ভাইরাসে বিপুল সংখ্যক লোক মারা যাওয়ার পর, দেশটির জনসংখ্যা কমে যাওয়ায় প্রবাসীদের বৈধতা দিয়ে কাজে নিয়োগ দেয়ার সিদ্ধান্ত নেয়, ইতালী সরকার। এ উপলক্ষ্যে কৃষি ও বাসাবাড়ির কাজের জন্য গত পয়লা জুন থেকে শুরু করে ১৫ আগষ্ট পর্যন্ত অবৈধ অভিবাসীদের বৈধ হওয়ার আবেদন গ্রহণ করা হয়।
বাংলাদেশ থেকে বিপুল সংখ্যক প্রবাসী উন্নত জীবনযাপনের স্বপ্ন নিয়ে বিভিন্ন পথে এবং ভূমধ্যসাগর পাড়ি দিয়ে, ইতালীতে প্রবেশ করেন। পাসপোর্ট না থাকা অবৈধ প্রবাসীরা দূতাবাসে পাসপোর্টের জন্য আবেদন করে, বৈধতা কার্যক্রমে অংশ নেন। তবে, যথাসময়ে পাসপোর্ট না পাওয়ায় অনেকেই শেষ পর্যন্ত বৈধ হতে পারেননি। এমতাবস্থায়, দূতাবাসের আন্তরিকতা নিয়ে প্রবাসীদের মনে প্রশ্ন উঠেছে।
অধিকাংশ প্রবাসী দূতাবাসের প্রতি অসন্তোষ প্রকাশ করেন এবং রাষ্ট্রদূতের পদত্যাগ দাবী করেন। তবে, দূতাবাস এবং এর সাথে সংশ্লিষ্টরা বলছেন, দূতাবাসের পক্ষ থেকে কোনো গাফিলতি ছিলোনা। সঠিক সময়ে সেবা দিতে দূতাবাস যথাসাধ্য চেষ্টা করেছে।
এদিকে, ইতালীতে করোনা ভাইরাসে মৃত্যুর সংখ্যা কমলেও, সম্প্রতি বাড়তে শুরু করেছে সংক্রমণের হার। এমতাবস্থায় প্রবাসীদের মধ্যে নতুন করে আতংক ছড়িয়ে পড়েছে।
বাংলাটিভি/শহীদ



