
অ্যাটলেটিকো মাদ্রিদকে বিদায় করে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালের টিকেট নিশ্চিত করলো লিপজিগ। মাত্র ১১ বছর আগে ফুটবল আঙিনায় পা রাখা জার্মানির ক্লাবটি এক লেগের কোয়ার্টার ফাইনালে স্প্যানিশ ক্লাব অ্যাটলেটিকোকে ২-১ গোলে হারিয়েছে।
সেমিতে লিপজিগের প্রতিপক্ষ ফরাসি জায়ান্ট পিএসজি। বৃহস্পতিবার রাতে এই ম্যাচে প্রথমার্ধে বলের দখল বা আক্রমণ দুটিতেই এগিয়ে ছিল জার্মান ক্লাবটি। গোলশূণ্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধের শুরুতেই গোল পেয়ে যায় লিপজিগ।
৫০ মিনিটে ডান দিক থেকে সতীর্থের ক্রসে দুর্দান্ত এক হেড করে জার্মান ক্লাবটিকে ১-০ তে এগিয়ে নেন ডেনি ওলমো। ৭১ মিনিটে পেনাল্টিতে গোল পেয়ে ১-১ সমতায় ফেরে অ্যাটলেটিকো। ম্যাচের নির্ধারিত সময়ের দুই মিনিট আগে বক্সের সামান্য সামনে বল পেয়ে জোড়ালো শটে গোল করেন অ্যাডামস।
তাতেই অ্যাটলেটিকোর বিদায় আর প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল নিশ্চিত হয়ে যায় লাইপজিগের। এদিকে, আজ রাত ১ টায় সেমিফাইনালে ওঠার হাই ভোল্টেজ ম্যাচে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনার মুখোমুখি হবে জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখ।



