
ইংলিশ প্রিমিয়ার লিগে ট্রফি উদযাপনের রাতে রোমাঞ্চকর জয় পেলো চ্যাম্পিয়ন লিভারপুল। চেলসিকে ৫-৩ গোল ব্যবধানে হারিয়েছে তারা।
অ্যানফিল্ডে লিভারপুলের গোল উৎসবের শুরু ২৩ মিনিটে, নাবি কেইটার পা থেকে। এরপর ৩৮ মিনিটে ট্রেন্ট আলেক্সান্ডার আর ৪৩ মিনিটে ভেইনাল্ডামের গোলে প্রথমার্ধেই ম্যাচের পুরো নিয়ন্ত্রণ নেয় অল রেডদেররা।
অবশ্য যোগ করা সময়ে অলিভিয়ে জিরুদের গোলে ব্যবধান ৩-১ করে চেলসি। বিরতির পর ৫৪ মিনিটে রবার্তো ফিরমিনো আবারো এগিয়ে নেন স্বাগতিকদের। এরপর চেলসির দুই বদলি খেলোয়াড় ট্যামি আব্রাহাম আর পুলিসিচ ১২ মিনিটের ব্যবধানে দুই গোল করে জমিয়ে তুলেন ম্যাচ।
তবে ৮৪ মিনিটে অ্যালেক্স ডেভিডের গোলে ব্যবধান ৫-৩ করে ইয়ুর্গেন ক্লপ শিষ্যরা। আরেক ম্যাচে ঘরের মাঠ, ওল্ড ট্রাফোর্ডে সাউদাম্পটনের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে ম্যানচেস্টার ইউনাইটেড।



