
বার্সেলোনার সঙ্গে চুক্তি নবায়ন করতে চাইছেন না লিওনেল মেসি। এমনটাই জানিয়েছেন স্প্যানিশ সংবাদমাধ্যম কাদেনা সের। ২০২১ সালে চুক্তি শেষ হওয়ার পর, বার্সাকে ছেড়ে দিবেন এই আর্জেন্টাইন দলপতি।
আগে অনেকবার শৈশবের ঠিকানা নিওয়েলস ওল্ড বয়েসে ফেরার ইচ্ছার কথা বলেছেন, লিওনেল মেসি। আর্জেন্টাইন ক্লাবটিও তাই আশায় আছে, ভবিষ্যতে কখনও সময়ের অন্যতম সেরা ফুটবলার তাদের আঙ্গিনায় ফিরবে। দলটির সহ-সভাপতি ক্রিশ্চিয়ানো দামিকো বেশ আশাবাদী মেসিকে পাবেন তারা।
২০০১ সালে আর্জেন্টিনার ক্লাব নিওয়েলস ছেড়ে বার্সেলোনায় পাড়ি জমানো মেসি, ক্যারিয়ারে জিতেছেন রেকর্ড ছয়বার বর্ষসেরা ফুটবলারের পুরস্কার। বার্সার ইতিহাসে রেকর্ড গোলদাতা মেসি বিভিন্ন সময়ে বলেন, বুটজোড়া তুলে রাখার আগে শৈশবের ক্লাবে ফিরতে চান তিনি।
ওল্ড বয়েসের সহ-সভাপতি আশাবাদী, দিয়েগো ম্যারাডোনা যেমন ১৯৯৩ সালে ইউরোপের অধ্যায় শেষ করে যোগ দিয়েছিলেন নিওয়েলসে, তেমনি মেসিও ফিরবেন ভবিষ্যতে। ২০০৪ সালে প্রথম পেশাদার চুক্তি করা মেসির সঙ্গে এ পর্যন্ত ৮ বার চুক্তি নবায়ন করে কাতালানরা।
তার রিলিজ ক্লজ বেড়ে হয়েছে ৭০ কোটি ইউরো। কাতালান দলে তার বর্তমান চুক্তির মেয়াদ শেষ হবে আগামী বছর।



