
প্রবীণ সাংবাদিক ও প্রধানমন্ত্রীর সাবেক উপ-প্রেস সচিব ফারুক কাজী মারা গেছেন। একমাত্র সন্তান আরশি কাজী জানান, শুক্রবার সকাল ৮টার দিকে ঢাকার এলিফ্যান্ট রোডের বাসায় তার মৃত্যু হয়।
মৃত্যুকালে ফারুক কাজীর বয়স হয়েছিল ৭১ বছর। তিনি আইন, সংবিধান ও মানবাধিকার বিষয়ক সাংবাদিকদের সংগঠন ল’ রিপোর্টার্স ফোরামের সাবেক সভাপতি। দীর্ঘ কর্মজীবনে বাংলার বাণী, বাংলাদেশ সংবাদ সংস্থা, ইউএনবি, অবজারভারসহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করেছেন তিনি।
এছাড়া নয়াদিল্লিতে বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার হিসেবেও দায়িত্ব পালন করেছেন ফারুক কাজী। তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
পেশাগত জীবনে তিনি বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) ও বার্তা সংস্থা ইউএনবি, দৈনিক বাংলার বাণী পত্রিকা এবং সর্বশেষ ইংরেজী দৈনিক ডেইলি অবজারভার পত্রিকায় কাজ করেন। এ ছাড়া তিনি দিল্লীতে বাংলাদেশ হাই কমিশনে প্রেস মিনিস্টার এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপ প্রেস সেক্রেটারি (ডিপিএস) পদেও দায়িত্ব পালন করেন।
পারিবারিক সূত্রে জানা যায়, আজ বাদ জুম্মা কাটাবন মসজিদে নামাজে জানাজা শেষে তাকে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে।



