Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
খেলাধুলাফুটবল

আবারো লা লিগার শীর্ষে রিয়াল মাদ্রিদ

আবারো লা লিগার শীর্ষে উঠলো রিয়াল মাদ্রিদ। এস্পানিওলের বিপক্ষে জয়ে, বার্সেলোনার চেয়ে ২ পয়েন্টে এগিয়ে গেলো জিনেদিন জিদানের শিষ্যরা। এদিকে, ইংলিশ এফএ কাপের কোয়ার্টার ফাইনালে, শেফিল্ড ইউনাইটেডকে ২-১ গোল ব্যবধানে হারিয়েছে আর্সেনাল। আর নিউক্যাসেলকে জোড়া গোলে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে ম্যানচেস্টার সিটি।

ইংলিশ এফএ কাপে হয়নি কোনো অঘটন। প্রত্যাশিতভাবে বড় দলগুলোই পেয়েছে জয়ের দেখা, নিশ্চিত করেছে সেমিফাইনাল খেলা। আগেই শেষ চারের টিকিট নিশ্চিত হয়েছিলো ম্যানচেস্টার ইউনাইটেড, চেলসি ও আর্সেনালের।

রোববার রাতে নিজেদের শেষ আটের ম্যাচ জিতে সেমির টিকিট নিশ্চিত করে ম্যানচেস্টার সিটিও। লন্ডনের ওয়েম্বলিতে, নিউক্যাসেল ইউনাইটেডকে তারা হারিয়েছে ২-০ গোলের ব্যবধানে। শেষচারে সিটিজেনদের প্রতিপক্ষ আর্সেনাল, ম্যাচ হবে আগামী ১৮ জুলাই।

আরেক ম্যাচে, রস বার্কলির একমাত্র গোলে লিস্টার সিটিকে হারায় আটবারের চ্যাম্পিয়ন চেলসি। ১৯ জুলাই দ্বিতীয় সেমিফাইনালে, প্রতিযোগিতার ১২ বারের চ্যাম্পিয়ন, ম্যানচেস্টার ইউনাইটেডের মুখোমুখি হবে ৮ বারের চ্যাম্পিয়ন চেলসি। শেষচারের দুটি ম্যাচই হবে ওয়েম্বলি স্টেডিয়ামে।  একই মাঠে আগামী ১ আগস্ট হবে টুর্নামেন্টের শিরোপা নির্ধারণী লড়াই।

এদিকে, স্প্যানিশ লা লিগায় প্রতিপক্ষ এস্পানিওলের বিপক্ষে ক্লান্তির ছাপ ফুটে উঠে রিয়াল মাদ্রিদের। ছিলো না খেলার গতিও। তাতে অবশ্য ম্যাচের ফলাফলে কোনো প্রভাব পড়েনি। ম্যাচে ৬৮ শতাংশ বল দখলে থাকলেও, জয়টা মাত্র একগোলের ব্যবধানে।

এক ম্যাচের নিষেধাজ্ঞা কাটিয়ে দলে ফিরেই জয়ের নায়ক হয়ে গেলেন, ব্রাজিলিয়ান ডিফেন্সিভ-মিডফিল্ডার কাসেমিরো।  তাতে প্রতিপক্ষের মাঠ থেকে পূর্ণ তিন পয়েন্ট জিতে, শিরোপা লড়াইয়ে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনাকে ২ পয়েন্ট পেছনে ফেলেছে জিনেদিন জিদানের শিষ্যরা।

করোনাভাইরাসে অনাকাঙ্ক্ষিত বিরতির পর নতুন রূপে ফিরেই, টানা পাঁচ ম্যাচের সবকটিতে জিতলো লসব্লাঙ্কোসরা। ৩২ ম্যাচে তাদের পয়েন্ট ৭১, দুইয়ে নেমে যাওয়া বার্সার পয়েন্ট ৬৯।

মোহাম্মদ হাসিব, বাংলাটিভি

সংশ্লিষ্ট খবর

Back to top button