ইংল্যান্ডে ছুরি হামলায় তিন জন নিহত, আহত ৩

দক্ষিণ ইংল্যান্ডের রিডিং শহরে এক ব্যক্তির ছুরি হামলায় তিন জন নিহত ও আরো তিনজন গুরুতর আহত হয়েছেন। শনিবার স্থানীয় সময় সন্ধ্যা সাতটায় শহরটির ফোরবুরি পার্কে এ হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে বিবিসি।
ঘটনাস্থল থেকে রিডিংয়ের ২৫ বছর বয়সী এক যুবককে আটক করেছে পুলিশ। এটিকে সন্ত্রাসবাদী ঘটনা হিসেবে বিবেচনা করা হচ্ছে না বলে জানিয়েছে তারা। কিন্তু তারপরও সন্ত্রাসবাদবিরোধী কর্মকর্তাদের ঘটনাস্থলে ডাকা হয়েছে। যে ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে তাকে লিবিয়ান বলে মনে করা হচ্ছে, নিরাপত্তা সূত্রগুলো বিবিসিকে এমনটি জানিয়েছে।
পার্কের মধ্যে এক ব্যক্তি কীভাবে একদল লোকের মধ্যে থেকে আরেক দলের কাছে গিয়ে তাদের ছুরিকাঘাত করার চেষ্টা করে ও পরে তার দিকে দৌঁড়ে আসে, বিবিসিকে তার বর্ণনা দিয়েছেন একজন প্রত্যক্ষদর্শী। টেমস ভ্যালি গোয়েন্দা পুলিশের প্রধান আয়ান হান্টার জানিয়েছেন, এ হামলার ঘটনায় আর কারো খোঁজ করছেন না তারা।
এ ঘটনায় নিহতদের জন্য গভীর শোক এবং আহতদের প্রতি সমবেদনা জানিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন। ঘটনাস্থলে থাকা জরুরি বিভাগের কর্মকর্তাদের ধন্যবাদ জানিয়েছেন তিনি।



