
তিন মাসের বেশি সময় পর মাঠে গড়ানো ইতালিয়ান সিরি আ’র প্রথম ম্যাচেই ছিলো নাটকীয়তা। রোনালদোর স্পটকিক মিস, আর পুরো ম্যাচে গোলশূণ্য ফলাফল। তাতেও কোনো অঘটন ঘটেনি জুভেন্টাসের।
এসি মিলানের সাথে গোলবিহীন ড্র করেও, রেকর্ড ১৯ বারের মতো কোপা ইতালিয়ার ফাইনালে উঠেছে তুরিনের ওল্ড লেডিরা। এদিকে স্প্যানিশ লা লিগায়, রাত দুইটায় বার্সেলোনার প্রতিপক্ষ মার্কোয়া।
৯৫ দিন পর মাঠে ফেরা ইতালিয়ান লিগের শুরুতেই কোভিড-১৯’এ প্রাণহারানো ব্যক্তিদের স্মরণে দু’দলের খেলোয়াড়সহ, স্টেডিয়ামে থাকা সবাই একমিনিট নিরবতা পালন করেন। দর্শকশূন্য স্টেডিয়ামে প্রায় ৭৫ মিনিট, ১০ জনের এসি মিলানকে পেয়েও বল জালে জড়াতে পারলো না স্বাগতিক জুভেন্টাস।
সবচেয়ে বড় হতাশা ছিলো ম্যাচের ১৬ মিনিটে, ক্রিশ্চিয়ানো রোনালদো’র পেনাল্টি মিসের মহড়া। প্রথম লেগে যার পেনাল্টিতে ভর করে এসি মিলানের মাঠে ড্র নিয়ে মাঠ ছেড়েছিলো জুভেন্টাস, সেই রোনালদোই ঘরের মাঠে দলকে ডোবাতে বসেছিলেন দ্বিতীয় লেগে।
শুধু কি তাই, ব্লেস মাতুইদি কিংবা পাওলো দিবালা, প্রত্যেককে আটকে দিয়ে ম্যাচের নায়ক বনে যান মিলান গোলরক্ষক জিয়ানলুইজি ডোনারোমা। গোলশূন্য ড্র নিয়েই মাঠ ছাড়ে দু’দল। তবে প্রথম লেগে প্রতিপক্ষের মাঠে ১-১ গোলে ড্রয়ের সুবাদে কোপা ইতালিয়ার ফাইনালে নাম লিখিয়েছে জুভেন্টাস।
এদিকে, স্প্যানিশ লা লিগায় আজ মাঠে নামছে বার্সেলোনা। প্রতিপক্ষ, টেবিলের প্রায় তলানিতে থাকা মায়োর্কা। এ ম্যাচে পুরো শক্তির কাতালান জায়ান্টদের পাওয়া যাবে, তা নিশ্চিত। ইনজুরি থেকে পুরোপুরি সেড়ে উঠেছেন লুইস সুয়ারেজ, থাকবেন লিওনেল মেসিও। ২৭ ম্যাচে ৫৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে বার্সা।
গত ডিসেম্বরে লিগে ন্যু ক্যাম্পে মেসির হ্যাটট্রিকে দুই দলের প্রথম দেখায় ৫-২ গোলে জিতেছিল বার্সা। এ ম্যাচেও আর্জেন্টাইন স্ট্রাইকারের ছন্দ দেখার অপেক্ষায়।
অপরদিকে, জার্মান বুন্দেসলিগায় আজই হতে পারে বায়ার্ন মিউনিখের শিরোপা নিশ্চিতে উৎসব। করোনাঝুঁকি নিয়ে মাঠে নামার পর তাদের আর নাগালই পাচ্ছে না কেউ। টানা পাঁচ ম্যাচ জিতে আজ বরুশিয়া মুনশেনগ্ল্যাডবাখের বিপক্ষে জয়ের চিন্তা করাটাই স্বাভাবিক মিউনিখের।
তার জন্য অবশ্য ফরচুনার মাঠে হারতে হবে দ্বিতীয় স্থানে থাকা বরুশিয়া ডর্টমুন্ডকে, বায়ার্নকে তো জিততেই হবে ঘরের ম্যাচটা। ৭০ পয়েন্ট নিয়ে টানা অষ্টম শিরোপার পথে থাকা বায়ার্নের। চার ম্যাচ হাতে রেখে ৭ পয়েন্টে পিছিয়ে ডর্টমুন্ড। আজ দুই দলের বিপরীত ফলাফলে তাই শিরোপা নিশ্চিত হয়ে যেতে পারে হ্যানসি ফ্লিকের দলের।
মোহাম্মদ হাসিব, বাংলাটিভি



