Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশশোক সংবাদ

বর্ণাঢ্যময় রাজনৈতিক জীবনের অবসান

মৃত্যুর সঙ্গে লড়াই করে চলে গেলেন আওয়ামী লীগের বর্ষিয়ান নেতা ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। এর মধ্যদিয়ে অবসান হলো এক বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের। তাঁর পিতা ছিলেন বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর, ৭৫এ জেলখানায় হত্যাকাণ্ডের স্বীকার জাতীয় চার নেতার অন্যতম ক্যাপ্টেন এম মনসুর আলী।

শনিবার বেলা ১১টা ১০মিনিটে বেসরকারি হাসপাতাল বাংলাদেশ স্পেশালাইজড হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান নেতা, ১৪ দলের এ মুখপাত্র। নাসিমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার ছেলে তানভীর শাকিল জয় ও তার চিকিৎসক বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের প্রধান নির্বাহী আল ইমরান চৌধুরী।

করোনা উপসর্গ নিয়ে গেলো ১জুন রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি হন মোহাম্মদ নাসিম। পরে করোনা আক্রান্ত হন নাসিম। ৫ জুন ভোরে স্ট্রোক করলে ওই দিনই তার অপারেশন করা হয়। পরদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে একটি মেডিক্যাল বোর্ড গঠন করা হয়।

ওই মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানেই কোমায় ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর এ সদস্য।তবে ৯জুন পুনরায় করোনা পরীক্ষায় করলে নেগেটিভ আসে তার।

সিরাজগঞ্জ থেকে পাঁচ বারের নির্বাচিত সংসদ সদস্য ছিলেন নাসিম। বর্তমান সরকারের খাদ্য মন্ত্রণালয়–সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতির দায়িত্বে ছিলেন তিনি। পাশাপাশি আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর একজন গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন তিনি।আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলের মুখপাত্রের দায়িত্বও সামলে এসেছেন তিনি।

২০১৪ সালের নির্বাচনের পর স্বাস্থ্য মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি।এর আগে, ১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকার গঠন করার পর ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্ব পান নাসিম। পরের বছর মার্চে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের দায়িত্বও দেয়া হয় তাকে। এক সঙ্গে দুই মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পালন করেন ১৯৯৯ সালের ১০ মার্চ পর্যন্ত। পরে মন্ত্রিসভায় রদবদলে স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পান তিনি।

রাজনৈতিক পরিবারের মধ্যে বেড়ে ওঠা মোহাম্মদ নাসিম ছাত্রজীবন থেকেই রাজনীতির সঙ্গে যুক্ত হন। জীবনের শেষ দিন পর্যন্ত দেশের ঐতিহ্যবাহী ও বৃহত্তম রাজনৈতিক দল আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্যের দায়িত্বে ছিলেন তিনি।

মোহাম্মদ নাসিমের জন্ম ১৯৪৮ সালের ২এপ্রিল সিরাজগঞ্জ জেলার কাজীপুর উপজেলায় এক মুসলিম সম্ভ্রান্ত পরিবারে।তার বাবা শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী এবং মাতা আমেনা মনসুর।১৯৭৫ সালের ৩ নভেম্বর কারাগারে নিহত হন জাতীয় চার নেতার একজন শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী।

মুক্তিযুদ্ধের সময় গঠিত বাংলাদেশের প্রথম সরকারের অর্থমন্ত্রী এবং স্বাধীনতার পর বঙ্গবন্ধুর সরকারের প্রধানমন্ত্রীর দায়িত্বও পালন করেন মনসুর আলী।

শিক্ষাজীবনে জগন্নাথ কলেজ থেকে রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন মোহাম্মদ নাসিম।রাজনৈতিক জীবনে  বিভিন্ন সরকারের সময় জেল, জুলুম ও নির্যাতন ভোগ করেছেনমোহাম্মদ নাসিম।

তিনি পাকিস্তানের স্বৈরশাসন. নির্যাতনের বিরুদ্ধে আন্দোলনসহ স্বাধীন বাংলাদেশে সবে সামরিক ও স্বৈরাচার বিরোধী আন্দোলনে রাজপথের সক্রিয় ও অগ্রণী ভূমিকা রেখেছেন। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে অংশ গ্রহণ করেন তিনি। দেশের সব অসাম্প্রদায়িক ও গণতান্ত্রিক আন্দোলনে ছিলেন অগ্র সৈনিক নাসিম।

জীবনের শেষ দিন পর্যন্ত সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদে বিরুদ্ধে সোচ্চার ছিলেন এবং আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন মোহাম্মদ নাসিম। ২০০১ সালের পর বিএনপি-জামায়াত জোট সরকারবিরোধী আন্দোলনে বার বার রাজপথে পুলিশের নির্যাতনের শিকার হয়েছেন তিনি।

ছাত্রজীবনে বামপন্থি ছাত্র রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং ঐতিহ্যবাহী ছাত্র সংগঠন ছাত্র ইউনিয়নের নেতা ছিলেন মোহাম্মদ নাসিম। পরবর্তীতে তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত হন। মোহাম্মদ নাসিম ৮০ দশকে স্বৈরাচারবিরোধী আন্দোলনে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করেন। সেই সময়  আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেন তিনি।

মোহাম্মদ নাসিম ১৯৮৬ প্রথম জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর ১৯৯৬ ও ২০০১ সালের নির্বাচনেও সংসদ সদস্য নির্বাচিত হন মোহাম্মদ নাসিম। পরবর্তীতে ২০১৪ সালের নির্বাচনে তিনি সিরাজগঞ্জ-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।

এরপর ২০১৮ সালের নির্বাচনেও তিনি ওই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।রাজপথের পাশাপাশি জাতীয় সংসদেও ছিল তার সরব উপস্থিতি৷ ২০১২ সালে আওয়ামী লীগের কাউন্সিলে তিনি দলের সভাপতিমণ্ডলির সদস্যের দায়িত্ব পান।

সমাজকল্যাণমূলক বিভিন্ন কর্মকাণ্ডের সাথেও যুক্ত জড়িত ছিলেন মোহাম্মদ নাসিম। ঢাকাসহ নিজ এলাকা সিরাজগঞ্জে বেশকিছু শিক্ষা-প্রতিষ্ঠান স্থাপন করেছেন তিনি। স্ত্রী, তিন সন্তান ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেনমোহাম্মদ নাসিম। তার স্ত্রীর নাম লায়লা আরজুমান্দ।

হাকিম মোড়ল, বাংলাটিভি

সংশ্লিষ্ট খবর

Back to top button