
চলতি মাসেই মাঠে ফিরছে ইংলিশ প্রিমিয়ার লিগ। তবে খেলা মাঠে গড়ানোর আগেই শোনা গেল ইপিএলের বিভিন্ন ক্লাবের ফুটবলারদের করোনায় আক্রান্তের খবর, গত তিন দিনে এক হাজার ১৯৭ জন ফুটবলার ও ক্লাব স্টাফদের কোভিড-১৯ পরীক্ষায় একজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে বলে জানিয়েছে লিগ কর্তৃপক্ষ।
ইপিএল কর্তৃপক্ষের বিবৃতির পর নিজেদের অফিসিয়াল ওয়েবসাইটে টটেনহ্যাম জানায়, গোপনীয়তা রক্ষায় আক্রান্ত ব্যক্তির নাম প্রকাশ করা হচ্ছে না, আক্রান্ত ব্যক্তিকে সাত দিনের সেলফ আইসোলেশনে রাখা হয়েছে।
এই নিয়ে পাঁচ দফায় ইংলিশ লিগে খেলা ফুটবলারদের করোনা টেস্ট করা হয়েছে। এর মধ্যে এখন পর্যন্ত ১৩ জনের শরীরে কোভিড-১৯ পজিটিভ ধরা পড়েছে। গত ১৩ মার্চ থেকে স্থগিত ইংলিশ লিগ। সবকিছু ঠিক থাকলে আগামী ১৭ জুন আবার মাঠে গড়াতে পারে ইংলিশ লিগ।



