করোনা: ইউরোপে ভয়াবহতা কমলেও নতুন করে আক্রান্ত বেশ কিছু দেশ

বিশ্বে করোনা সংক্রমণ বেশ কয়েকমাস পেরিয়ে গেলেও কমার কোন লক্ষণই যেন পরিলক্ষিত হচ্ছে না। সারাবিশ্বে এ পর্যন্ত করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো প্রায় সাড়ে ৩ লাখের মতো মানুষ। আর সংক্রমণ ছাড়িয়েছে ৫৩ লাখের ওপরে। সম্প্রতি ইউরোপের দেশগুলোতে এর ভয়াবহতা কমলেও, নতুন করে আক্রান্ত হচ্ছে কিছু কিছু দেশ।
কোভিড-১৯ এর ধারাবাহিক আক্রমণ যেন থেমে নেই। ভাইরাসটি ইউরোপ থেকে সংক্রমণ গুঁটিয়ে নিলেও, নতুন দেশগুলোতে ধারণ করছে মহামারী আকার। বিশেষ করে এ তালিকায় নাম লিখিয়েছে ব্রাজিল, রাশিয়াসহ আফ্রিকার বেশ কয়েকটি দেশ।
আক্রান্ত ও মৃতের তালিকায় যথারীতি শীর্ষস্থানে যুক্তরাষ্ট্র। প্রতিরোধ ব্যবস্থা থেকে বেরিয়ে এসে করোনা পরিস্থিতিকে যেন প্রকৃতির ওপরই ছেড়ে দিয়েছে বিশ্বের এই ক্ষমতাধর পরাশক্তি। দেশটিতে মৃতের সংখ্যা এক লাখ ছুঁই ছুঁই। আক্রান্ত প্রায় সাড়ে ১৬ লাখ মানুষ।
এদিকে, বৃটেনকে সরিয়ে দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে ব্রাজিল। দেশটিতে যেন জেঁকে বসেছে করোনার সংক্রমণ। হু হু করে বাড়ছে আক্রান্তের সংখ্যা। এ পর্যন্ত সংক্রমিত হয়েছে ৩ লাখ ৩২ হাজার ৩৮২ জন মানুষ। আর প্রাণহানি ঘটেছে ২১ হাজার ১১৬ জনের।
তৃতীয় অবস্থানে নতুন আরেক দেশ রাশিয়া। সেখানে প্রাণহানির সংখ্যা কম হলেও সংক্রমণ ছড়াচ্ছে ব্যাপকভাবে। আক্রান্ত ৩ লাখ ২৬ হাজারের বিপরীতে দেশটিতে প্রাণহানি ৩ হাজার ২৪৯ জন। সংক্রমণ বেশ কিছুটা কমেছে ইউরোপের দেশগুলোতে।
সেই সাথে তুলনামুলকভাবে কমেছে মৃতের সংখ্যাও। বৃটেনে মোট মৃত্যু ৩৬ হাজার ছাড়িয়েছে, স্পেন সাড়ে ২৮ হাজার, ইতালি সাড়ে ৩২ হাজার ও ফ্রান্সে ২৮ হাজার ছাড়িয়েছে মৃতের সংখ্যা। এদিকে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, করোনা সংক্রমনের নতুন উপকেন্দ্র হতে পারে দক্ষিণ আমেরিকা।



