অস্ট্রেলিয়াতে মসজিদে নামাজ আদায়ে নিষেধাজ্ঞা শিথিল

অস্ট্রেলিয়াতে মসজিদে নামাজ আদায়ে নিষেধাজ্ঞা শিথিল করায় সন্তোষ জানিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। সম্প্রতি অস্ট্রেলিয়া সরকার তিন ধাপে বিধিনিষেধ তুলে নেয়ার রোডম্যাপ ঘোষণা করেছে।
এরই ধারাবাহিকতায় কিছু শর্তসাপেক্ষে মসজিদে নামাজ আদায়ের অনুমতি দেয়া হয়েছে। বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস অস্ট্রেলিয়ায় ছড়িয়ে পড়লে দেশটিতে মসজিদ, মন্দির, গীর্জাসহ সকল উপাসনালয়, রেস্টুরেন্ট, বার, জিম, খেলার মাঠ, সমুদ্র সৈকতসহ জনসমাগমের সকল স্থান বন্ধ করে দেয়া হয়।
এছাড়া জারি করা হয় নানা বিধিনিষেধ। এসব নিষেধাজ্ঞায় ঘরবন্দী হয়ে পড়ে মানুষ। উৎপাদন ব্যবস্থাসহ বন্টব্যাবস্থার উপরে এর ক্ষতিকর প্রভাব পড়ে। এসব প্রভাব কাটিয়ে জনজীবনে স্বস্তি ফিরিয়ে আনতেই সম্প্রতি অস্ট্রেলিয়া সরকার ধীরে ধীরে নিষেধাজ্ঞা তুলে নেয়ার কার্যক্রম বাস্তবায়ন করে যাচ্ছে।
দেশটির অ্যালিস স্প্রিং মসজিদের সভাপতি বাংলাদেশি প্রবাসী তৌহিদুল ইসলাম জানান, দেড় মিটার দূরত্ব বজায় রেখে নামাজের অনুমতি দেয়া হলেও মাস্কসহ অন্যান্য স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশ অব্যাহত রয়েছে।



